তৌহিদের পরিবারকে দুই লাখ টাকা অনুদান
রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌহিদুজ্জামানের পরিবারকে অনুদান হিসেবে দুই লাখ টাকার চেক দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার উপাচার্য দপ্তরে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এই চেক তৌহিদুজ্জামানের বাবা মো. আমিনুল ইসলামের হাতে তুলে দেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।তৌহিদুজ্জামান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। চেক প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রভাষক নিলয় রঞ্জন বিশ্বাস, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক মো. আশরাফ উদ্দিন, তৌহিদুজ্জামানের বড় ভাই সাজন মাহমুদ ও রুমমেট গোলাম রাব্বানী উপস্থিত ছিলেন। গত ২৮ আগস্ট শাহবাগে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তৌহিদুজ্জামান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০৮ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ভয়ড়া গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তৌহিদুজ্জামান।