ত্বকী হত্যাকাণ্ড: সালেহের জামিন স্থগিত
নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ওরফে ত্বকী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সালেহ রহমান ওরফে সীমান্তের জামিন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ এক মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে রাষ্ট্রপক্ষকে এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করতে বলা হয়েছে। গত ১২ মে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে কারাবন্দী সালেহ রহমানের জামিন আবেদন খারিজ করা হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৪ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি সালেহ রহমানের ছয় মাসের জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ ২৬ জুন আবেদন করে। ওই দিন অবকাশকালীন চেম্বার বিচারপতি আবেদনের শুনানি নিয়ে ২ জুলাই পর্যন্ত বিষয়টি মুলতবি রাখেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। সালেহের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম। পরে একরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, সালেহের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ এক মাসের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। সালেহ রহমান এখন কারাগারে আছেন। জামিন স্থগিত হওয়ায় তিনি মুক্তি পাচ্ছেন না। এক মাসের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী ৬ মার্চ নিখোঁজ হন। দুই দিন পর ৮ মার্চ সকালে নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যার নদীর নৌযান নোঙর করার খালের (হারবার) কাদাপানিতে তাঁর লাশ পাওয়া যায় । ওই দিনই ত্বকীর বাবা মামলা করেন। এতে কারও নাম উল্লেখ করা হয়নি। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে ১৮ মার্চ পুলিশের কাছে অবগতিপত্র জমা দেন। এতে সালেহ রহমান ওরফে সীমান্তের নাম ছিল। ১৮ এপ্রিল সালেহ রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।