ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদ্যাপিত
আনন্দ-উৎসব, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য আর ত্যাগের মহিমার মধ্য দিয়ে সারা দেশে উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। গত শনিবার সকালে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহ ও মসজিদে সমবেত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মহান আল্লাহ তাআলার উদ্দেশে যে যাঁর সাধ্যমতো পশু কোরবানি দেন। প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। রাজধানী ঢাকায় শনিবার সকাল সাড়ে আটটায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন এতে ইমামতি করেন। জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের সদস্য, কূটনীতিকসহ সর্বস্তরের মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জাতীয় ঈদগাহের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া অন্যান্য বছরের মতো এ বছরও পুরুষের পাশাপাশি নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল।রাজধানীর বাইরে প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও আনন্দ-উৎসবে ঈদ উদ্যাপিত হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দেন। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ঈদের দিন সকালে বঙ্গভবনে বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। বরাবরের মতোই লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাকে সাজানো হয় বর্ণিল সাজে। প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপে টাঙানো হয় রংবেরঙের পতাকা। পাশাপাশি সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা ও ঈদ মোবারকখচিত পতাকা উত্তোলন করা হয়। ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। শিশুপার্ক, জাতীয় চিড়িয়াখানাসহ বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় ছিল। বরাবরের মতোই ঈদ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। ঈদুল আজহার মূল উৎসব থাকে কোরবানি। ঈদের দিন নামাজ পড়েই বেশির ভাগ লোক পশু কোরবানি দিয়েছেন। তবে ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক অলিগলিতে দেওয়া হয় পশু কোরবানি। বিশেষ করে পুরান ঢাকায় আদি ঐতিহ্য হিসেবে ঈদের পরদিন কোরবানির রেওয়াজ থাকায় রাজধানীর অন্য এলাকার চেয়ে সেখানে ঈদের দ্বিতীয় দিনের আমেজ ছিল ভিন্ন রকম। ঈদের ছুটি শেষে গতকাল সোমবার সরকারি অফিস-আদালত খুললেও এখনো ছুটির আমেজ কাটেনি। ঈদ উদ্যাপন করতে রাজধানীর বহু মানুষ গ্রামের বাড়ি যাওয়ায় কয়েক দিন ধরেই রাজধানী বেশ ফাঁকা। প্রধান প্রধান সড়ক দিয়েও এখন রিকশা চলছে। এ সপ্তাহের মধ্যেই রাজধানী ঢাকা আগের চেহারা ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে।