ত্রাণ এলে সড়কে, সূর্য ডুবলে বনে
ত্রাণ দেবে—এ খবর শুনে গহিন বনের ভেতর থেকে বেরিয়ে প্রধান সড়কে অপেক্ষায় প্রায় দেড় শ পরিবার। রাঙামাটির জেলা প্রশাসন থেকে মাথাপিছু পাঁচ কেজি করে চাল, নাপ্পি (শুকনো মাছের ভর্তাজাতীয় আদিবাসী খাবার), কাপড়, মশারি, হাঁড়ি-পাতিলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। এসব নিতেই ভোর থেকে রাস্তায় দাঁড়ায় আদিবাসী পরিবারগুলো।এদের বেশির ভাগই পাঁচ-ছয় দিন ধরে ঠিকমতো খেতে পাচ্ছে না বলে জানাল। এর মধ্যে শনিবার রাতের হঠাত্ বৃষ্টি তাদের কষ্ট বাড়িয়ে দেয়। অনেকেই ডায়রিয়া, সর্দি-জ্বরে আক্রান্ত হয়েছে। আতঙ্কের কারণে খাদ্য বা ওষুধ কিনতে কেউ বাজারে যেতে পারেনি। গতকাল সকালে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারামমুখ প্রধান সড়কের পাশের যাত্রীছাউনির কাছে গিয়ে দেখা গেল এই দৃশ্য। ত্রাণ না পেলেও বিকেল হতেই অনেক আদিবাসী পরিবারকে বনের ভেতরে ছুটে যেতে দেখা যায়। খাগড়াছড়ি শহরের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও মূল ঘটনাস্থল বাঘাইছড়ি গতকালও ছিল থমথমে। চারদিকে আতঙ্ক। সূর্য ডোবার আগেই তাই বনের ভেতরে ‘নিরাপদ’ আশ্রয় খোঁজার চেষ্টা। ত্রাণ নিতে আসা আদিবাসীদের বেশির ভাগই নারী। এক কোলে ত্রাণ, আরেক কোলে শিশুসন্তানকে নিয়ে পাহাড়ি পথ বেয়ে ফিরে যাচ্ছিলেন যবনিকা চাকমা। কোথায় ফিরছেন জানতে চাইলে তিনি ক্ষোভে ফেটে পড়েন। বলেন, বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে। পাঁচ দিন ধরে চার মাসের শিশুসন্তান নিয়ে জঙ্গলে থাকছেন। পাহাড়ি ছড়ার নোংরা পানি খেয়ে বাচ্চার পেট খারাপ হয়ে গেছে।১৯ ফেব্রুয়ারি বাঘাইহাটে ঘটে যাওয়া সহিংস ঘটনার পর ১২টি আদিবাসী পল্লির প্রায় ৫০০ পরিবার বনের ভেতরে আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন থেকে ৪৬৫টি পরিবারের জন্য ত্রাণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য নয়ন রঞ্জন চাকমা। তবে তিনি বলেন, ত্রাণ দিতে গিয়ে দেখা যাচ্ছে, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫০০ ছাড়িয়ে যাবে।সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত বাঙালি পরিবারের সংখ্যা ২৯। তবে সাজেক বাজারে আশ্রয় নেওয়া বাঙালি পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ১১৮টি বাঙালি পরিবার ওই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য এখনো কোনো ত্রাণের ব্যবস্থা করা হয়নি। বাজারের নির্মীয়মাণ দোকান ও সাজেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে তারা। সাজেক ইউনিয়নের সংরক্ষিত বন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেল, বনের ভেতর গাছের নিচে কাঠ ও মরা পাতা দিয়ে সীমানাপ্রাচীর তৈরি করে আদিবাসী পরিবারগুলো বসবাস করছে। বেশির ভাগ পরিবার মূল সড়ক থেকে পাঁচ-সাত কিলোমিটার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে। দিনের বেলা এ পরিবারগুলো সড়কের পাশেই অবস্থান করছে। গতকাল দুপুর নাগাদ খাগড়াছড়ি জেলা রেডক্রসের একটি প্রতিনিধিদল বাঘাইছড়ি উপজেলা পরিদর্শনে যায়। ক্ষয়ক্ষতির বিষয়ে তাদের কাছে জানতে চাইলে সংস্থাটির খাগড়াছড়ি জেলার যুব প্রধান রফিকুল ইসলাম জানান, এ মুহূর্তে জরুরি ভিত্তিতে ত্রাণ ও চিকিত্সাসামগ্রী পৌঁছে দিয়ে মানুষগুলোকে বাঁচানো দরকার।