ত্রাণ পৌঁছাল লামা ও নাইক্ষ্যংছড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ধসে বান্দরবানের বিপর্যস্ত উপজেলা লামা ও নাইক্ষ্যংছড়িতে অবশেষে গতকাল শুক্রবার ত্রাণসহায়তা পৌঁছেছে। সকালে স্থানীয় সাংসদ বীর বাহাদুরের ব্যক্তিগত উদ্যোগে ও তাঁর নেতৃত্বে লামার ফাইতং ইউনিয়ন ও নাইক্ষ্যংছড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ টাকা ও খাদ্যসহায়তা দেওয়া হয়। তবে জেলা প্রশাসনের বরাদ্দ করা ত্রাণ এখনো উপদ্রুত এলাকায় পৌঁছায়নি। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম সোহেল প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইতিমধ্যে ত্রাণ দেওয়া শুরু হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনের লোকজন ব্যস্ত রয়েছেন। গতকাল সাংসদ নিহত প্রত্যেক ব্যক্তির পরিবার ও আত্মীয়স্বজনকে ২০ হাজার টাকা করে মোট সাত লাখ ৮০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ১০ কেজি করে চাল এবং আনুষঙ্গিক সহায়তা দেন। প্রায় ৫০০ পরিবারকে চাল দেওয়া হয়। ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রথম আলোকে বলেন, আজ (গতকাল শুক্রবার) বেলা ১১টা নাগাদ স্থানীয় সাংসদ বীর বাহাদুরের নেতৃত্বে সরকারি কর্মকর্তারা পাহাড়ধস এলাকায় ত্রাণ বিতরণ করতে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বান্দরবান জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসান, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাজী মুজিবুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোহামঞ্চদ ইসমাইল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সেনাবাহিনীর আলীকদমের জোন কমান্ডার সাইদ মোস্তফা। জানা গেছে, ফাইতং ইউনিয়নে ত্রাণ বিতরণের পর সাংসদ ও অন্যরা লামা উপজেলা সদরে যান। সেখানে পাহাড়ি ঢলে উপদ্রুত এলাকাগুলো পরিদর্শনের পর নাইক্ষ্যংছড়ি উপজেলায় যান। পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে পৌঁছাতেই তাদের সন্ধ্যা হয়ে যায়। আজ শনিবার সকাল থেকে নাইক্ষ্যংছড়ির বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হবে।