ত্রাণে মানুষের দারিদ্র্য যায় না: আতিউর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দান, খয়রাত কিংবা ত্রাণ দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু দারিদ্র্যমুক্ত করা যায় না। প্রত্যেকের উপার্জনের ব্যবস্থা করেই দারিদ্র্যকে হটাতে হবে। আর ব্যাংক এতে সুযোগ সৃষ্টি করে দেয়। এভাবেই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। আজ শুক্রবার বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংকের উদ্যোগে কৃষিঋণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ কথা বলেন। তিনি আরও বলেন, গত বছরের কৃষিঋণ নয় হাজার কোটি থেকে বাড়িয়ে এ বছর ১২ হাজার কোটি টাকা করা হয়েছে। বর্গাচাষিদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গভর্নর মধ্যস্বত্বভোগীদের সরিয়ে কৃষকদের স্বার্থ সংরক্ষণের ওপর জোর দেন। তিনি পদ্মা সেতুর নির্মাণকাজ সময়মতো শুরু ও শেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়নের ৬১ জন কৃষকের মধ্যে পাঁচ লাখ ৯৩ হাজার টাকা কৃষিঋণ বিতরণ করা হয়।