সরকারি সাহায্যের দাবিতে গতকাল সোমবার পাকিস্তানের বন্যাপীড়িত লোকজন খড়ে আগুন জ্বেলে এবং লাঠি উঁচিয়ে প্রধান মহাসড়কগুলো অবরোধ করে রাখে। সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, বিশুদ্ধ পানি ও খাবারবঞ্চিত এবং গৃহহীন লাখ লাখ মানুষের কাছে অত্যন্ত ধীর গতিতে ত্রাণসামগ্রী সরবরাহ করা হচ্ছে।দুই সপ্তাহের বন্যায় পাকিস্তানে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়েছে। এই বন্যা পাকিস্তানের ১৭ কোটি জনগণের এক-দশমাংশের জীবন ব্যাহত করেছে।বন্যার ফলে পাকিস্তানের শত শত গ্রাম প্লাবিত হয়েছে। প্রধান সড়কগুলো ভেঙে গেছে এবং হাজার হাজার গৃহহীন মানুষ রাস্তার দুই ধারে তাঁবু টাঙিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। বন্যার পানি বেড়ে যাওয়ার কারণে দেশটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু বন্যাদুর্গত মানুষের কাছে ত্রাণসামগ্রী দ্রুততার সঙ্গে সরবরাহ না করার ফলে মানুষের দুর্ভোগও দিন দিন বেড়ে চলেছে। অক্সফামের পাকিস্তান পরিচালক নেভা খান এক বিবৃতিতে বলেন, পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, সেভাবে সাহায্য সরবরাহ দ্রুত না হওয়ার বিষয়টি আশঙ্কাজনক। এ মুহূর্তে বন্যাপীড়িত লোকজনের জন্য বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন-ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন।এদিকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী না পেয়ে শত শত নারী-পুরুষ দক্ষিণ সিন্ধুর প্রধান শহর সুকুরের বিভিন্ন রাস্তা অবরোধ করে। তারা লাঠিসোঁটা নিয়ে ব্যাপক ভাঙচুর করে। গুল হাসান নামের এক বন্যাদুর্গত ব্যক্তি বলেন, ‘বন্যা আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমরা এখন অন্নহীন, বাসস্থানহীন, ছেলেমেয়ে নিয়ে আমরা রাস্তার ধারে বাস করছি।’ এই বন্যায় হাজার হাজার পরিবারকে গ্রাম ছেড়ে শহরে আসতে হয়েছে। এরা সবাই অস্বাস্থ্যকর পরিবেশে জীর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি তাঁবুতে বসবাস করছে।গত রোববার রাতে পাঞ্জাব প্রদেশে শত শত মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করে। তারা টায়ার ও অন্যান্য উপাদানে আগুন ধরিয়ে দেয় এবং ‘সরকার নিপাত যাক’ বলে স্লোগান দেয়। কর্ট আদুর একজন বন্যাদুর্গত বলেন, ‘আমরা এখানে ক্ষুধায় মারা যাচ্ছি, অথচ আমাদের দেখার কেউ নেই।’বন্যা পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি শতকরা এক ভাগেরও বেশি কমিয়ে দিতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, বন্যার কারণে পাকিস্তানে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে।জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৪৫৯ মিলিয়ন ডলারের প্রতিশ্রুত ত্রাণ সাহায্যের মাত্র এক-চতুর্থাংশ পাকিস্তান হাতে পেয়েছে।গতকাল সোমবার আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাঞ্জাবে ইন্দাস নদের পানি কিছুটা কমেছে, তবে যেসব জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে, সেখানে পানির স্তর ওপরেই রয়েছে। এ ছাড়া অতিবৃষ্টির কারণে সিন্ধু প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদেরা।জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত রোববার পাকিস্তান সফরে এসে পরিস্থিতির ভয়াবহতা পর্যবেক্ষণ করেছেন। তিনি আন্তর্জাতিক দাতাগোষ্ঠীকে দ্রুত পাকিস্তানে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন।জাতিসংঘের মুখপাত্র মারিজিও গিয়ুলিয়ানু বলেন, ‘পাকিস্তানে আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ত্রাণ পরিচালনা করছি। তবে আমাদের যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। আমরা জানি না, বন্যা পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। আরও বন্যার আশঙ্কাকে এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’এদিকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ত্রাণ তৎপরতায় পুরোপুরি সেনাবাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, সরকার তার নিজস্ব ব্যবস্থাপনা দিয়ে এই ভয়ংকর পরিস্থিতির মোকাবিলা করতে না পারলে যেকোনো সময় দেশটিতে সামরিক অভ্যুত্থান হতে পারে।—রয়টার্স।