ত্রিপক্ষীয় চুক্তির দ্বিধাবিভক্ত আদেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জনকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করার নির্দেশনা চেয়ে রিটে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি আবু কাওসার মো. দবিরুশ্বানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি আনোয়ারুল হক রিটটি খারিজ করে দিয়েছেন। তবে কনিষ্ঠ বিচারপতি রুল জারি করেছেন। এ প্রেক্ষাপটে বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। রিট আবেদনে বলা হয়, ১৯৭৪ সালের ৯ এপ্রিল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হয়। ওই চুক্তির মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জনকে ফিরিয়ে দেওয়া হয়। এর আগে ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনীতে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে আইন করা হয়।আর ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির নেতা উইং কমান্ডার হামিদুল্লাহ খান হাইকোর্টে রিট করেন। এতে ১৯৫ জনকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি ও চুক্তিটি বাতিলের দাবি জানানো হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ফকরুল ইসলাম ও সরকারের পক্ষে আবদুস সালাম মণ্ডল মামলাটি পরিচালনা করেন।রুলে ওই চুক্তিটি কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং ১৯৫ জনকে দেশে ফিরিয়ে এনে কেন বিচারের মুখোমুখি করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও পররাষ্ট্রসচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।আইনজীবী ফকরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দ্বিধাবিভক্ত আদেশের ফলে বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চে বিষয়টি শুনানির জন্য পাঠাবেন।