ত্রিপক্ষীয় বৈঠকের পর রাতে নৌযান ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রত্যাহার করা হয়েছে। সরকারপক্ষ এবং নৌযানের মালিক ও শ্রমিকদের মধ্যে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের এই ঘোষণার ফলে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীর অবর্ণনীয় দুর্ভোগের অবসান হলো।বৈঠকে শ্রম অধিদপ্তরের পরিচালক আবু তালেবের নেতৃত্বে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিকে শ্রমিকদের বেতনকাঠামো নির্ধারণসহ ২২ দফা দাবি পর্যালোচনা করে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।গতকাল রাতে শ্রমমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (যাত্রী পরিবহন) সভাপতি মাহবুব উদ্দিন, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম প্রমুখ।এর আগে গতকাল দুপুরে নৌপরিবহন-মন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, মালিক-শ্রমিকের রশি-টানাটানির ভোগান্তি সইতে হচ্ছে নিরীহ নৌযাত্রীদের। উভয় পক্ষই তাদের জেদ বজায় রাখার প্রতিযোগিতায় নেমেছে। তিনি বলেন, সরকারকে বিব্রত করার চেষ্টায়ও নেমেছে একটি পক্ষ। এ ছাড়া ধর্মঘট ডেকে অনেকে আখের গোছানোর চেষ্টাও করছে। নৌপরিবহনমন্ত্রী বলেন, ধর্মঘট শুরুর আগেই নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের ১৭ মার্চ আলোচনার জন্য ডাকা হয়েছিল, কিন্তু এর আগেই তাঁরা ধর্মঘট ডেকে বসেন। তিনি জানান, গত বুধবারও অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও শ্রম অধিদপ্তরের পরিচালক আলোচনার জন্য শ্রমিকনেতাদের ডেকেছিলেন, কিন্তু তাঁরা আসেননি। নৌযান শ্রমিক ফেডারেশনের নেতা মো. শাহ আলম অবশ্য তাঁদের আলোচনায় ডাকার বিষয়টি অস্বীকার করেন। নৌযানের সঙ্গে যুক্ত সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতনকাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ-নিরাপত্তা বাড়ানো, মাস্টার-চালকদের সনদের মেয়াদীকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদী দখল ও দূষণ বন্ধ করাসহ ২২ দফা দাবিতে গত সোমবার মধ্যরাত থেকে নৌযান ধর্মঘট শুরু হয়।ঢাকা সদরঘাট: গতকালও সদরঘাট টার্মিনালে যাত্রীদের চরম দুর্ভোগ চোখে পড়ে। গলাচিপায় যাওয়ার জন্য রহিমা বেগম গত বুধবার খিলগাঁও থেকে টার্মিনালে এসেছিলেন। যেতে না পেরে কেরানীগঞ্জে আত্মীয়ের বাসায় থেকে গতকাল দুপুরে আবার সদরঘাটে আসেন। তিনি বলেন, লঞ্চের জন্য যতক্ষণ পারেন অপেক্ষা করবেন।গতকাল সকালে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দুটি স্টিমার খুলনা ও বরিশাল থেকে ঢাকার বাদামতলীতে আসে। সন্ধ্যায় ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী নিয়ে স্টিমার দুটি যাত্রা করে।গতকালও নৌযান শ্রমিকেরা সদরঘাট টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বাসে অতিরিক্ত ভাড়া: নৌ-ধর্মঘটের সুযোগে বাস ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল সকালে বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বরিশাল, খুলনা, বরগুনা, পটুয়াখালী—সব রুটেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আবদুর রশিদ নামের একজন যাত্রী জানান, সদরঘাট টার্মিনাল থেকে ফিরে এসে তিনি বরিশালের বাসে যাওয়ার জন্য এখানে এসেছেন। কিন্তু তাঁর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা বেশি চাওয়া হয়েছে।জাহাজ-জটের আশঙ্কা: নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় বড় জাহাজ থেকে পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ আছে। বহির্নোঙরে দুই লাখ ৭১ হাজার টন পণ্য নিয়ে ১৮টি জাহাজ অবস্থান করছে। এ ছাড়া প্রতিদিন নতুন করে জাহাজ আসায় বহির্নোঙরে জাহাজ-জট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।চট্টগ্রাম চেম্বারের বন্দর ও কাস্টম-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ওয়াছিউর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রতিদিনের জাহাজ ভাড়ার ক্ষতিপূরণের টাকা পরোক্ষভাবে ভোক্তাদেরই দিতে হবে।এদিকে কর্মবিরতির সমর্থনে চট্টগ্রামের বাংলাবাজারে মিছিল-সমাবেশ করেছেন নৌযান শ্রমিকেরা।