ত্রিপক্ষীয় বৈঠকের পর রাতে নৌযান ধর্মঘট প্রত্যাহার
নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট আজ বৃহস্পতিবার মধ্যরাতে প্রত্যাহার করা হয়েছে। সরকারপক্ষ এবং নৌযানের মালিক ও শ্রমিকদের মধ্যে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। শ্রমিকদের এই ঘোষণার ফলে দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীর অবর্ণনীয় দুর্ভোগের অবসান হলো।বৈঠকে শ্রম অধিদপ্তরের পরিচালক আবু তালেবের নেতৃত্বে ১৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এই কমিটিকে শ্রমিকদের বেতনকাঠামো নির্ধারণসহ ২২ দফা দাবি পর্যালোচনা করে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।আজ রাতে শ্রমমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, লঞ্চমালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (যাত্রী পরিবহন) সভাপতি মাহবুব উদ্দিন, নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম প্রমুখ।নৌযানের সঙ্গে যুক্ত সব শ্রমিক-কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি, নতুন বেতনকাঠামো ঘোষণা, নৌপথে ডাকাতি বন্ধসহ নৌ-নিরাপত্তা বাড়ানো, মাস্টার-চালকদের সনদের মেয়াদীকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন, নদী দখল ও দূষণ বন্ধ করাসহ ২২ দফা দাবিতে গত সোমবার মধ্যরাত থেকে নৌযান ধর্মঘট শুরু হয়।