ত্রিপল টানিয়ে পাঠদান
পিরোজপুর শহরতলির ব্রাহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ত্রিপলের নিচে বসে পাঠ নিতে হচ্ছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৫-৯৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে তিন লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে শহরতলির আলামকাঠী এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১২৭। বিদ্যালয়ের কক্ষের ভেতর থেকে পলেস্তারা খসে পড়ছে। বিভিন্ন স্থানে ছাদের রড বের হয়ে গেছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর মেজবাউল আলম বলেন, বিদ্যালয়ের নির্মাণকাজে জড়িত ঠিকাদার ও প্রকৌশলীদের গাফিলতির কারণে এ অবস্থা। এ বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো। বর্ষার সময় শিক্ষার্থীদের দুর্ভোগের মাত্রা আরও বেড়ে যায়। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নাঈম বলে, ‘প্রতিদিন বাড়ি থেকে এসে ত্রিপল টানাই আর বেঞ্চ মাঠে নামিয়ে আমরা লেহাপড়া করি।’ প্রধান শিক্ষক নিহার কণা মুখার্জী বলেন, ‘বর্ষায় ছাদ থেকে পানি পড়ে। এর মধ্যে কাউকে দাঁড় করিয়ে আবার কাউকে বেঞ্চে বসিয়ে পাঠ দিতে হয়। এ ছাড়া পলেস্তারা খুলে পড়ে। বিদ্যালয়ে সবাই নারী শিক্ষক। পাঠ নেওয়ার জন্য বিদ্যালয়ের মাঠে প্রতিদিন বেঞ্চ নামানো ও ত্রিপল টানানোর কাজে আমরা শিশুদের সহায়তা নিই। স্থানীয় এক যুবক আকরাম শিশুদের কষ্ট দেখে একটি ত্রিপল দিয়ে সহায়তা করেন।’ পিরোজপুর সদর উপজেলা প্রকৌশলী বিধান চন্দ্র বলেন, ‘ভবনটি যখন নির্মাণ করা হয়েছে, তখন আমি পিরোজপুরে ছিলাম না। তবে নির্মাণকাজে কোনো গাফিলতি করা হয় না। মন্ত্রণালয় থেকে আমাদের যে নকশা দেওয়া হয়, ওই নকশা ও নির্দেশনা অনুযায়ী আমরা ভবন নির্মাণ করি। একটি ছোট আকারের ভবন নির্মাণের পরে স্বাভাবিকভাবে ২০ থেকে ২৫ বছর স্থায়িত্ব থাকার কথা।’ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, একটি এক তলা ভবন নির্মাণের স্থায়িত্ব ধরা হয় ৩০ বছর আর সুউচ্চ ভবনের স্থায়িত্ব ধরা হয় ১০০ বছর।পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভবনের বেহাল দশা ও শিশুদের কষ্ট আমি দেখেছি। একটি নতুন ভবন নির্মাণের জন্য আমি চেষ্টা করছি।’