ত্রিপুরায় একাত্তরের স্মারক উদ্যানের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে ত্রিপুরাবাসী বাংলাদেশকে যেভাবে সহায়তা করেছে, তা ভোলার নয়। ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যান গড়া হলে এটি শুধু এ অঞ্চলই নয়, বিশ্বের সব শান্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে চোত্তাখোলা।গতকাল বৃহস্পতিবার মৈত্রী উদ্যানটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে বিলোনিয়ার চোত্তাখোলায় মুক্তিযুদ্ধ স্মরণে স্মারক উদ্যান গড়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী।দীপু মনি বলেন, ‘যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি, এখানে অনেকের দেহাবশেষ আছে, রক্ত মিশে আছে। এখানে একসময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ছিল। এমন পুণ্যস্থানে আসতে পেরে গর্ব বোধ করছি।’ তিনি বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যান গড়ার কাজ শেষ হলে শুধু এ অঞ্চলেরই নয়, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে চোত্তাখোলা।ত্রিপুরার বাণিজ্য, শিল্প, পরিবেশ ও পল্লী উন্নয়নমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘একাত্তরে বাংলাদেশের মানুষের দেশপ্রেম, আত্মত্যাগ ও ত্রিপুরার জনগণের সাক্ষ্য বহন করবে মৈত্রী উদ্যান। ভাষা, সংস্কৃতি, ইতিহাসসহ সব ধরনের সাজুয্য সমুন্নত রাখতে এটি আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করবে। আজ শুধু ত্রিপুরার ৩৫ লাখ মানুষই নয়, বাংলাদেশের ১৫ কোটি মানুষও এ উদ্যোগের সঙ্গী।’দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার তারিক এ করিম বলেন, চোত্তাখোলায় স্মৃতি উদ্যান গড়ার উদ্যোগ ইতিহাসকে সমুন্নত রাখার সাক্ষ্য বহন করে।ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার বলেন, একাত্তরের স্মারক উদ্যানটি এমন এক সময়ে গড়ে তোলা হচ্ছে, যখন দুই দেশের সম্পর্ক দিল্লি শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে বিশেষ একটি পর্যায়ে উন্নীত হয়েছে।সমাবেশে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী ও রাজ্যের মুখ্য সচিব এস কে পান্ডা।সম্মেলক সংগীত ও কবিতার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানস্থলে উপস্থিত নাট্যব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ একাত্তরের স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, ‘একাত্তরের জুলাইতে প্রথম পা রেখেছিলাম চোত্তাখোলায়। ৪০ বছর পর আজ আবার এলাম। যুদ্ধে যাঁরা জীবন দিয়েছেন, গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি।’যা থাকছে ওই উদ্যানে: আগরতলা থেকে ১৩০ কিলোমিটার ও বিলোনিয়া শহর থেকে ৩০ কিলোমিটার দূরে তৃষ্ণা অভয়ারণ্যের পাশে সাপের মতো বয়ে চলা জলাশয় দিয়ে বিভক্ত সাতটি টিলার ওপর নির্মিত হবে মূল ভাস্কর্য। প্রায় দুই কোটি ৩০ লাখ রুপি ব্যয়ে দুই বছরের মধ্যে উদ্যান গড়ার কাজ শেষ হবে। এ ব্যাপারে ত্রিপুরা সরকারকে নানাভাবে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক হাশেম খান, মুনতাসীর মামুন, মেসবাহ কামাল ও স্থপতি মোবাশ্বের হোসেন।এখানে সবচেয়ে উঁচু টিলার ওপর বঙ্গবন্ধুর ৩২ ফুট দীর্ঘ একটি ভাস্কর্য নির্মাণের প্রস্তাব রয়েছে। সেটি হবে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আদলে। এ ছাড়া আরেকটি ভাস্কর্য হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে। এটি হবে ন্যূনতম ১২ ফুট। জলাশয়ের পানিতে প্রতিফলিত হবে ওই দুটি ভাস্কর্য। এ ছাড়া বিচ্ছিন্ন টিলাগুলোকে যুক্ত করতে প্রাকৃতিক আবহ ধরে রাখতে তৈরি হবে কাঠের সেতু। ভাস্কর্যের পেছনে থাকবে টেরাকোটায় চিত্রিত সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের নানা বাঁক।রাজ্য সরকারের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, টিলা যেখানে জলাশয়ে মিশেছে, সেখানে দু-তিনজন মুক্তিযোদ্ধার কবরের খোঁজ পাওয়া গেছে। এ ছাড়া সবচেয়ে উঁচু টিলাটিসহ কয়েকটি টিলায় খোঁজ মিলেছে চারটি বাংকারের।