ত্রিপুরায় পিতৃত্বকালীন ছুটি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত জুড়েই চালু রয়েছে সরকারি মহিলা কর্মচারীদের মাতৃত্বকালীন ছুটি। যাঁরা বাবা হবেন এ সুযোগ তাঁদের বেলায় ছিল না। কিন্তু ব্যতিক্রম ত্রিপুরা রাজ্য। এ রাজ্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি সরকারি পুরুষ কর্মচারীদের জন্য চালু হয়েছে পিতৃত্বকালীন ছুটিও। যেসব সরকারি কর্মচারী বাবা হবেন, তাঁরা ভোগ করবেন সাত দিনের বেতনসহ ছুটিও।রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল বুধবার থেকে এ ছুটি চালু করেছেন। অর্থাৎ পুরুষ সরকারি কর্মচারীরা সন্তানের জন্মের সময় থেকে সাত দিন বেতনসহ ভোগ করতে পারবেন এই পিতৃত্বকালীন ছুটি।দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের পুরুষ কর্মচারীরা পিতৃত্বকালীন ছুটির দাবি জানিয়ে আসছিলেন। তাঁরা এ দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। তাঁদের দাবি মেনে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল সাংবাদিকদের জানান, সন্তানের দেখভালের জন্য মায়ের পাশাপাশি বাবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই মানবিক কারণে রাজ্য সরকার পুরুষ কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে তিনি এ কথাও বলেছেন, প্রথম দুই সন্তানের জন্য এ ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা। তিনি আরও বলেন, একই সঙ্গে মহিলা কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ তিন মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হয়েছে।