ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন আজ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চৌত্যাখোলা গ্রামের প্রায় ২০ হেক্টর এলাকাজুড়ে গড়ে উঠছে ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যান।আজ বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এই মৈত্রী উদ্যানের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ত্রিপুরার বন বিভাগ একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধা জানাতে উদ্যানটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে নানাভাবে জড়িয়ে আছে ত্রিপুরা। রাজ্যের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, বন্ধুত্বের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম, আগামী প্রজন্মের কাছে তা প্রতিফলিত হোক। আর সে ভাবনা থেকে এই মৈত্রী উদ্যান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয় বলে জানালেন ত্রিপুরার পল্লী উন্নয়ন, বাণিজ্য ও শিল্প এবং পরিবেশমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী। তা ছাড়া ২০০১ সালে ত্রিপুরায় বাংলাদেশের স্বাধীনতার তিন দশক পূর্তির সময় বাংলাদেশের বিশিষ্টজানেরাও এ ধরনের একটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের নবনির্মিত সচিবালয়ে একাত্তরের স্মৃতিচারণা করতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র। এখনো চোখে ভাসে যুদ্ধের দামামা, শরণার্থী শিবিরে মানুষের যন্ত্রণা, প্রশিক্ষণ শিবিরে প্রত্যয়ী মানুষের মুখ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সব সময় রোমাঞ্চ অনুভব করতাম। মনে হতো, খুব সহজেই আমাদের মেলবন্ধন হবে। একাত্তরের পর নানাভাবে সম্পর্কে খানিকটা দূরত্ব তৈরি হয়। আর দূরত্ব তৈরি হলে সৃষ্টি হয় ভুল ধারণার। তবে যতবারই বাংলাদেশে গেছি, মনে হয়েছে সম্পর্কটা অটুট আছে, থাকবে।’উদ্যান গড়ার মূল উদ্যোক্তা জিতেন্দ্র চৌধুরী বলেন, ওই এলাকার মানুষের অবদান, দুই দেশের বন্ধুত্ব, সংস্কৃতি ও ইতিহাস—এ বিষয়গুলোকে উপজীব্য করে এটি তৈরি হচ্ছে। আমরা চাই নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, ইতিহাস ও আন্তর্জাতিকতার প্রতিফলন ঘটাতে। উদ্যানে এসে দাঁড়ালেই যেন যে কেউ সহজে ঘুরে আসতে পারে ইতিহাসের অলি-গলিতে। ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যান বাস্তবায়ন কমিটির এ সদস্য জানান, উদ্যানটির অন্যতম আকর্ষণ হবে পাশের ডিমাতলী এলাকার ৫০০ বছরের পুরোনো মসজিদ। যেখানে প্রতিবছর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ হামলার স্মরণে সংহতি মেলা বসে। যাতে মিলন হয় দুই বাংলার মানুষের। সেই সঙ্গে উদ্যান এলাকায় থাকছে প্রায় ২০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত তৃষ্ণা অভয়ারণ্য। পুরো কাজে এখন পর্যন্ত ব্যয় ধরা হয়েছে দুই কোটি ৩০ লাখ রুপি।ত্রিপুরা সরকারের এ উদ্যোগে নানাভাবে পরামর্শ দিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক হাশেম খান, মুনতাসীর মামুন, মেজবাহ কামাল ও স্থপতি মোবাশ্বের হোসেন।মেজবাহ কামাল গতকাল এ প্রতিবেদককে জানান, উদ্যান নির্মাণে এ পর্যন্ত তাঁরা ত্রিপুরা সরকারকে নানাভাবে পরামর্শ দিয়ে আসছেন। সাপের মতো বয়ে চলা জলাশয় দিয়ে বিভক্ত সাতটি টিলার ওপর তৈরি হবে মূল ভাস্কর্য। সবচেয়ে উঁচু টিলার ওপর একটি ৩২ ফুট দীর্ঘ সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে একটি ভাস্কর্য তৈরির প্রস্তাব রয়েছে। এ ছাড়া আরেকটি ভাস্কর্য হবে বঙ্গবন্ধুর। সেটি ন্যূনতম ১২ ফুট উচ্চতার এবং ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তর্জনী তোলা প্রতিকৃতি হবে। এমনভাবে তৈরি করা হবে, যাতে জলাশয়ের পানিতে প্রতিফলিত হবে ওই দুটি ভাস্কর্য। ভাস্কর্যের পেছনে থাকবে টোরাকোটায় চিত্রিত ’৪৭ থেকে ’৭১ অবধি বাংলাদেশের অভ্যুদয়ের নানান বাঁক। এ ছাড়া বিচ্ছিন্ন টিলাগুলোকে যুক্ত করতে প্রাকৃতিক আবহ ধরে রাখতে তৈরি হবে কাঠের সেতু।