পণ্য পরিবহন হবে মাঝরাত থেকে ভোর ছয়টা * সড়ক অবকাঠামো তৈরির খরচ দেবে ভারত * নভেম্বরেই কাজ শুরু করতে ভারতের তাগিদ
ত্রিপুরায় ভারী পণ্য পরিবহনে সমঝোতা স্মারক সই হচ্ছে
ভারতের ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারী পণ্য শুধু মধ্যরাত থেকে ভোর ছয়টা পর্যন্ত পরিবহন করা হবে। এসব ভারী পণ্য পরিবহনে কনটেইনারবাহী বিশালাকৃতির যানের কারণে সংশ্লিষ্ট সড়কে অন্য যানবাহন চলাচল বিঘ্নিত হবে—এ বিবেচনায় বাংলাদেশ ও ভারত এ সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়টিসহ খুঁটিনাটি বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এসব জানা গেছে।সূত্র জানায়, ওই সমঝোতা স্মারক সইয়ের পর ত্রিপুরায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভারী পণ্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরিবহনের প্রক্রিয়া শুরু হবে। চলতি মাসে ওই স্মারক সইয়ের পর আশুগঞ্জ নৌবন্দর থেকে আগরতলা সীমান্ত পর্যন্ত প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নকাজ শুরু হবে। ভারতের পক্ষ থেকে নভেম্বর থেকেই পণ্য পরিবহন শুরুর তাগিদ দেওয়া হলেও তা এ সময়ে করা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, আশুগঞ্জ নৌবন্দর হয়ে আখাউড়ায় পণ্য পরিবহনের জন্য প্রস্তাবিত সমঝোতা স্মারক এ মাসে (সেপ্টেম্বর) সই হবে। এটি সইয়ের পর যত দ্রুত সম্ভব অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে। ভারতের তাগিদ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘নভেম্বরের মধ্যে না হলেও ডিসেম্বরে যাতে কাজ শেষ করা যায়, সে ব্যাপারে আমরা জোর দেব।’জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে সমঝোতা স্মারকটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর খসড়া ইতিমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে মতামতের জন্য পাঠানো হয়েছে।নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, ত্রিপুরার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের খরচ জোগাবে। ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানির (ওটিপিসি) নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলাদেশের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে যোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কাজটি করবে।জানা গেছে, ভারতের তাগিদ থাকলেও সমঝোতা স্মারক সইয়ের দুই মাসের মাথায় অবকাঠামো উন্নয়নের কাজ শেষ হওয়া নিয়ে যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত নন। বাংলাদেশ এ ক্ষেত্রে বিকল্প একটি প্রস্তাব নিয়ে ভাবছে। এ প্রসঙ্গে জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, এমওইউ সইয়ের পরপরই প্রয়োজনে ভারী পণ্যগুলো এনে আশুগঞ্জ নৌবন্দরে রাখার ব্যবস্থা করা যেতে পারে। সে ক্ষেত্রে ভারতের অনুরোধ অনুযায়ী কাজটি এগিয়ে থাকল।যোগাযোগ মন্ত্রণালয়ের সূত্র জানায়, সমঝোতা স্মারকের খসড়া আগামী সপ্তাহে নৌপরিবহন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হবে। এরপর তা চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এটি ত্রিপক্ষীয়ভাবে সই হতে পারে। যোগাযোগ ও নৌপরিবহন মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় হাইকমিশন এতে সই করবে। এদিকে যোগাযোগ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং ওটিপিসির মধ্যে এটি সই হবে।সমঝোতা স্মারকে যা থাকছে: সূত্র জানায়, তিনটি ধারাবিশিষ্ট এই সমঝোতা স্মারকের প্রথম দুটি অংশে ভারত ও বাংলাদেশ পণ্য পরিবহনে কী কী দায়িত্ব পালন করবে, তা নির্দিষ্ট করা আছে। ভারতের দায়িত্ব সম্পর্কে যে বিষয়গুলো বলা আছে, তাতে মূলত অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সংস্কারে যে অর্থ ব্যয় হবে, তা বলা হয়েছে। ভারত বলতে এখানে ওটিপিসিকে বোঝানো হয়েছে। কারণ এ প্রতিষ্ঠানই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে। ওটিপিসির অবকাঠামো নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে ভারত হেভি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিমিটেড (বিএইচইএল)। তারাই বাংলাদেশে কাজটি করবে সওজের তত্ত্বাবধানে।মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশের ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনেম কনস্ট্রাকশন বিএইচইএলের সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে। অবশ্য এ বিষয়টি সমঝোতা স্মারকে উল্লেখ নেই। নৌপথে বিদ্যুৎকেন্দ্রের পণ্যভর্তি কনটেইনার আশুগঞ্জ নৌবন্দরে আনার পর তা ওঠানো-নামানোর জন্য একটি রো রো ফেরি তৈরি করবে ভারত। এটি পরিচালনার জন্য প্রশিক্ষিত লোক নিয়োগের বিষয়টিও তারা নির্ধারণ করবে। এরপর নারায়ণপুরসহ কয়েকটি স্থানে পণ্য রাখার জন্য তৈরি করা হবে পার্কিং বে। এসব পার্কিং বে ছাড়াও আশুগঞ্জ-সুলতানপুর সড়কের কয়েকটি জায়গায় রাস্তা প্রশস্ত করা হবে। কোথাও কোথাও রাস্তার বাঁক পরিবর্তনের ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনে গাছপালা কাটার পাশাপাশি ব্যক্তিগত জমি অধিগ্রহণ কিংবা ব্যবহারের জন্য নেওয়া হবে। এ ক্ষেত্রে জমির মালিককে বাজারমূল্য নির্ধারণ করে অর্থ দেওয়া হবে। ভারী পণ্য পরিবহনে রাস্তাঘাট, কালভার্ট ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা ভারত লক্ষ রাখবে। ক্ষতিগ্রস্ত হলে তা সংস্কার করতে হবে।বাংলাদেশের দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে, প্রতিদিন মধ্যরাত থেকে ভোর ছয়টা পর্যন্ত ভারী পণ্যভর্তি কনটেইনারবাহী যান চলাচল করবে। এ সময় ওই বহরের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারতীয় কনটেইনার চলাচলের সময় নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।যৌথ দলের পরিদর্শন: ত্রিপুরার পালাটানায় ওটিপিসির ৭২৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ভারতকে ভারী পণ্য পরিবহনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি দেখতে দুই দেশের ২০ সদস্যের প্রতিনিধিদল গত বুধবার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পরিদর্শন করে। কম সময়ে কীভাবে কাজ শুরু করা যায়, এ বিষয়টি তারা খতিয়ে দেখে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম ইফতেখার হায়দার। পণ্য পরিবহনের আকৃতি: ওই বিদ্যুৎকেন্দ্রের জন্য ৯৬টি কনটেইনারের মাধ্যমে পণ্য পরিবহন করা হবে। এগুলোর মধ্যে সর্বোচ্চ ৩২৫ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১১ মেট্রিক টন ওজনের যন্ত্র পরিবহন করা হবে। এসব যন্ত্র বা যন্ত্রাংশের সর্বোচ্চ দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২৪ মিটার, ৫ দশমিক ৬ মিটার ও ৫ দশমিক ৫ মিটার। ১৬ এক্সেলযুক্ত ২৮ চাকার ট্রেইলারের মাধ্যমে এগুলো পরিবহন করা হবে। যার সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৬ মিটার।বাংলাদেশের পক্ষে বাজেট বরাদ্দ: পালাটানার বিদ্যুৎকেন্দ্রের পণ্য পরিবহনের জন্য ওটিপিসি অবকাঠামো তৈরির সব খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেই আশুগঞ্জকেন্দ্রিক অবকাঠামো উন্নয়নে সরকারের পক্ষ থেকে ২৫ কোটি ৪২ লাখ ৫৬ হাজার টাকার উন্নয়নব্যয় ধরা হয়েছে। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের ২২ কোটি ২০ লাখ, বাংলাদেশ রেলওয়ের এক কোটি ৫৫ লাখ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের এক কোটি ৩০ লাখ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২৩ লাখ ৭০ হাজার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আট লাখ ৮৭ হাজার এবং গাছ সরাতে তিন লাখ টাকা রয়েছে।