ত্রিপোলিকে বিচ্ছিন্ন করতে বিদ্রোহীরা মরিয়া
বিদ্রোহীরা লিবিয়ার রাজধানী ত্রিপোলিকে বিচ্ছিন্ন করতে তাদের অভিযান জোরদার করেছে। এবার তারা রাজধানী ত্রিপোলির সঙ্গে যুক্ত গাদ্দাফির জন্মস্থান ও শক্ত ঘাঁটি বলে পরিচিত স্যারতি শহরের দিকে অগ্রসর হচ্ছে। আজ বুধবার সকালে এক বিদ্রোহী কমান্ডারের দেওয়া বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে জানানো হয়েছে, বিদ্রোহীদের একটি অগ্রবর্তী দল গাদ্দাফির সেনাদের পরাজিত করে ত্রিপোলির সঙ্গে সংযুক্ত গুরুত্বপূর্ণ আল হেইশা সীমান্তে পৌঁছেছে। আল হেইশা মিসরাতা থেকে ৭০ কিলোমিটার এবং ত্রিপোলি থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাজধানী ত্রিপোলিকে বিচ্ছিন্ন করার জন্য এটা বিদ্রোহীদের সর্বশেষ পদক্ষেপ। বিদ্রোহীরা আরও জানিয়েছে, তারা ত্রিপোলির কাছের গারইয়ান ও সুরমান নামের দুটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিমও স্বীকার করেছেন, বিদ্রোহীরা গারইয়ানে আছেন। তবে তিনি দাবি করেছেন, গাদ্দাফির অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহীদের যুদ্ধ চলছে। বিদ্রোহীদের এক মুখপাত্র দাবি করেছেন, গাদ্দাফি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।