ত্রিপোলিতে এনটিসি বাহিনীর সঙ্গে গাদ্দাফি অনুগতদের বন্দুকযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গতকাল শুক্রবার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এনটিসি গত আগস্টে ত্রিপোলির নিয়ন্ত্রণ নেওয়ার পর এ প্রথম দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হলো।বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপোলির আবু সালিম এলাকায় গাদ্দাফি সমর্থকেরা একটি মিছিল বের করলে এনটিসি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি হয়। হাসপাতালের একজন চিকিত্সক জানান, গোলাগুলিতে নয়জন গুরুতর আহত হয়েছে।একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, গাদ্দাফির সমর্থক প্রায় ২০ জন যোদ্ধা একে-৪৭ নিয়ে এনটিসি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। ওই বাহিনী ভারী মেশিনগান থেকে গাদ্দাফির সমর্থকদের ওপর গোলা বর্ষণ করে। তবে একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে গাদ্দাফির অনুগত প্রায় ১০০ যোদ্ধা অংশ নেয়। সংঘর্ষ থেমে গেলেও এনটিসি বাহিনী গাদ্দাফি অনুগত বাহিনীকে নির্মূল করতে এখন আবু সালিম এলাকায় অভিযান পরিচালনা করছে। এ এলাকা গাদ্দাফি সমর্থকের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।ত্রিপোলিতে বিবিসির ক্যারোলাইন হাউলি বলেন, গাদ্দাফি সরকারের প্রতীক সবুজ পতাকা আবু সালিমসহ ত্রিপোলির অন্য কিছু অংশে উড়তে দেখা যাচ্ছে। দারা এলাকার একজন প্রত্যক্ষদর্শী জানান, গাদ্দাফি সমর্থকেরা সেখানে সবুজ পতাকা উড্ডয়ন করেছে। রাস্তায় গাদ্দাফি সমর্থকদের একটি দলকে দেখা গেছে। তবে এনটিসি বাহিনী তাদেরকে ঘিরে রেখেছে।