ত্রিপোলিতে গণকবরের সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বড় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল (এনটিসি)। এখানে প্রায় এক হাজার ২৭০টি মৃতদেহ আছে বলে ধারণা করা হচ্ছে। ১৯৯৬ সালে গাদ্দাফির বিরুদ্ধে প্রতিবাদ করায় আবু সালিম কারাগারে এই হত্যাকাণ্ড চালিয়েছিল নিরাপত্তা বাহিনী।আবু সালিম কারাগারের এই নৃশংস হত্যাকাণ্ড চালানোর সময় কর্মরত নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলে সম্প্রতি এই গণকবর সম্পর্কে জানতে পারে এনটিসি। কারাগারটির ভেতরে মাটিতেই পাওয়া গেছে নিহত ব্যক্তিদের কিছু হাড় ও কাপড়। শিগগিরই সেখানে খনন শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এখানে ঠিক কীভাবে হত্যাকাণ্ডটা চালানো হয়েছিল, তা জানার জন্য প্রয়োজনে বিদেশি সাহায্যও নেওয়া হবে বলে জানিয়েছে লিবিয়ার নতুন সরকারের কর্মকর্তারা।১৯৯৬ সালে এই নৃশংস হত্যাকাণ্ডে অনেকেই হারিয়েছিলেন তাঁদের প্রিয়জনকে। যদিও তাঁদেরকে বলা হয়েছিল যে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে এই কারাবন্দীদের। এঁদেরই একজন সামি আসাদি সে সময় হারিয়েছিলেন তাঁর দুই ভাইকে। সম্প্রতি তিনি ওই কবরস্থান সম্পর্কে জানতে পেরে সাংবাদিকদের বলেছেন, ‘খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার। গাদ্দাফির পতন হওয়ায় আমরা খুবই খুশি। কিন্তু এখানে আসার পর আমার মনে হচ্ছে, আমার ভাই ও আরও অনেক বন্ধুকে কী নৃশংসভাবে হত্যা করা হয়েছে। কারণ, তাঁরা গাদ্দাফিকে পছন্দ করতেন না।’— বিবিসি অনলাইন