ত্রিপোলিতে গাদ্দাফির কমপ্লেক্সে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপোলিতে লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির একটি কমপ্লেক্সে (গোপন কমান্ড কেন্দ্র) ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পশ্চিমা জোট। এতে কমপ্লেক্সের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। পশ্চিমা জোটের কর্মকর্তারা বলেছেন, তিন তলাবিশিষ্ট ওই ভবন ছিল গাদ্দাফির একটি কমান্ড কেন্দ্র বা নির্দেশনা দেওয়ার জায়গা। বিবিসি অনলাইনের খবরে এ কথা বলা হয়েছে।লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার রাতে কমপ্লেক্সে ক্ষেপণাস্ত্র হামলা হয়। লিবিয়ার কর্মকর্তারা আজ সোমবার বিদেশি সাংবাদিকদেরকে বিধ্বস্ত ভবনটি ঘুরিয়ে দেখান। তবে এ হামলায় কেউ হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই কমপ্লেক্সে গাদ্দাফির গোপন ঘাঁটি রয়েছে।মার্কিন কর্মকর্তারা বলেছেন, কর্নেল গাদ্দাফিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হচ্ছে না। বহুজাতিক বাহিনী গাদ্দাফির সশস্ত্র বাহিনী ও বিমান প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চলাচ্ছে। তবে লিবিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন, পশ্চিমা শক্তিগুলো গাদ্দাফিকে হত্যার চেষ্টা চালাচ্ছে। সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম বলেন, পশ্চিমারা বলেছিল, এ স্থানে তারা হামলা করবে না। কিন্তু তার পরও হামলা হলো, যা ছিল এক বর্বরোচিত হামলা। ইব্রাহিম আরও জানান, এ হামলায় কেউ আহত হয়নি। তবে ইব্রাহিম গাদ্দাফির অবস্থান সম্পর্কে কাউকে কোনো ধারণা দেননি।