ত্রিপোলিতে নিরাপদে বাংলাদেশিরা
সরকার ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াইয়ে টালমাটাল লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশিরা নিরাপদে আছেন। বাংলাদেশ দূতাবাস এবং আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলের দেশটিতে থাকা বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনই তাঁদের দেশে ফেরার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান গতকাল সোমবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানে এখন প্রায় ৫০০ থেকে ৭০০ বাংলাদেশি রয়েছেন। সবাই নিরাপদে আছেন। শুক্রবার দূতাবাসের পক্ষ থেকে তাঁদের বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। বাংলাদেশিদের সহায়তার জন্য নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে বাংলাদেশ দূতাবাসে।’নুরুজ্জামান বলেন, ‘এখনো থেমে থেমে গুলি চলছে। সেই সঙ্গে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। গত রোববার আমি দূতাবাসে গেলেও লিবীয় কর্তৃপক্ষের পরামর্শে আজ বাসায় রয়েছি।’লিবিয়ায় এখন প্রায় ৩০ হাজার বাংলাদেশি রয়েছেন। গত ফেব্রুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ৩০ হাজারের বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন।ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখার প্রথম সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকী এ প্রতিবেদককে বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যাপারে গত শনিবার লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়। বৈঠকে পরিস্থিতির অবনতি ঘটলে বিদেশিদের ত্রিপোলি থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।সিদ্দিকী বলেন, প্রয়োজন হলে বাংলাদেশিদের যাতে সরিয়ে নেওয়া যায়, এ ব্যাপারে ইতিমধ্যে আইওএম ও আইসিআরসির সঙ্গে যোগাযোগ চলছে। তিন দশক ধরে ত্রিপোলিতে রয়েছেন বাংলাদেশের মোস্তফা জামাল সাইদ। কাজ করেন মধ্য ত্রিপোলির ব্যক্তিমালিকানাধীন আল সোহেল সিদ্দিয়া কনস্ট্রাকশন কোম্পানিতে। নির্মাণশিল্পের সঙ্গে যুক্ত মধ্যবয়সী এই ব্যক্তির মতে, ত্রিপোলির পরিস্থিতি গত সপ্তাহের তুলনায় গতকাল অনেকটাই শান্ত। তিনি বলেন, ‘ত্রিপোলিতে রাতজুড়ে গোলাগুলি ও বিস্ফোরণের এ দৃশ্য আমার কাছে একেবারেই অচেনা। গত মার্চের পর প্রথম এ দৃশ্যের সঙ্গে পরিচয়। শনিবার রাত-দিন লড়াই চললেও রোববার থেকে পরিস্থিতি ভিন্ন। রাতে ব্যাপক গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ কানে এলেও দিনের বেলাটা তুলনামূলকভাবে শান্ত।’দেশে ফিরবেন কি না, জানতে চাইলে মোস্তফা জামাল বলেন, ‘পরিস্থিতি যেহেতু শান্ত, তাই দেশে ফেরার কোনো কারণ দেখছি না। দুই মেয়ের মধ্যে একজন লন্ডনে পড়াশোনা করছে। ছোট মেয়ে আর স্ত্রীকে নিয়ে আছি। আপাতত উদ্বিগ্ন হওয়ার কারণ দেখছি না। আমার বাসাটা ব্রেবি আবাসিক এলাকায়। অফিস আর বাড়ির দূরত্ব গাড়িতে চড়ে মাত্র ১৫ মিনিট। এ মুহূর্তে অফিস যাচ্ছি না। তা ছাড়া বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ আছে। সব মিলিয়ে ত্রিপোলি ছাড়ার কোনো কারণ দেখছি না।’ একই মত ত্রিপোলির একটি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রযুক্তির ছাত্র শাহাবুদ্দীনের। পাঁচ বছর আগে আসা এ তরুণ বলেন, ‘পরিস্থিতি খারাপ হবে আঁচ করতে পেরে খাবার-দাবার মজুদ করেছি। আপাতত ক্লাস করছি না। তাই বাইরে বেরোনোরও খুব একটা প্রয়োজন হচ্ছে না। আজকে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। যদিও আমরা থেমে থেমে গুলির শব্দ শুনছি।’