ত্রিপোলিতে পৌঁছালেন বিদ্রোহী নেতা জলিল
গাদ্দাফিবিরোধীরা লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল করার পর দেশটির অন্তবর্তী সরকারের প্রধান মুস্তফা আবদুল জলিল প্রথমবারের মতো ত্রিপোলিতে পৌঁছেছেন। বিমানবন্দরে আবদুল জলিলের শত শত অনুসারী পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানায়। তিনি এত দিন বেনগাজিতে অবস্থান করছিলেন। গত ২১ আগস্ট গাদ্দাফিবিরোধীরা ত্রিপোলি দখল নেয়।বিমানবন্দরে তিনি এক সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এখন নিজের হাতে আইন তুলে নেওয়ার সময় নয়। কারণ, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। অনেক সমস্যার মধ্যে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করছি। এখন সবার এক হওয়ার সময়।’আবদুল জলিলের ত্রিপোলির এ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন জাতীয় অন্তবর্তী কাউন্সিলের (এনটিসি) মুখপাত্র জালাল আল-গালাল। একই সঙ্গে নতুন লিবিয়া গড়ে তোলার পরবর্তী পদক্ষেপ হিসেবে জলিল এনটিসি নেতাদের সঙ্গে বসবেন বলে আশা করছেন।ত্রিপোলির দক্ষিণ-পূর্বাঞ্চলে গাদ্দাফি সমর্থকদের দখলে থাকা বনি ওয়ালিদে ন্যাটো বাহিনী বিমান হামলা চালায়। এখনো ওই এলাকায় যুদ্ধ চলছে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) লিবিয়ার পরবর্তী সরকার হিসেবে আবদুল জলিল নেতৃত্বাধীন এনটিসিকে সমর্থন দিয়েছে।