ত্রিপোলির অদূরে শহর দখল নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ
লিবিয়ায় রাজধানী ত্রিপোলির অদূরে একটি শহরের দখল নিয়ে গাদ্দাফিপন্থী এবং তাঁর বিরোধীদের মধ্যে এখন রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। উভয়পক্ষ সাফল্য দাবি করায় সেখানে আসল পরিস্থিতিটা কী, তা স্পষ্ট নয়। প্রাথমিক খবরে প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি অনলাইন একই রকমের খবর দিয়েছে।একটি খবরে বলা হয়, মুয়াম্মার গাদ্দাফির অনুগত নিরাপত্তা বাহিনী ত্রিপোলির ৫০ কিলোমিটার পশ্চিমে জাবিয়াহ শহরের অনেকাংশই বিরোধী বিক্ষোভকারীদের থেকে পুনরুদ্ধার করেছে। তবে বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা ত্রিপোলি থেকে ৬৬০ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরীয় একটি তেল বন্দরসহ উপকূলীয় রাস লানুফ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। রয়টার্স এ খবর জানায়। জাবিয়াহ শহরের নিয়ন্ত্রণ বিক্ষোভকারীদের হাতে চলে যাওয়াটা সরকারের জন্য বিব্রতকর হয়ে দাঁড়ায়। মোহামেদ নামে শহরটির একজন বাসিন্দা বলেন, ‘শহরটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কিছু লোক নিহত ও আরও অনেকে আহত হয়। আমরা নিজেরাই ৩০ জন বেসামরিক ব্যক্তির মৃতদেহ গুনেছি।’ মোহামেদ আরও জানান, গতকাল শুক্রবার জুমার নামাজের পরপরই গাদ্দাফির অনুগত বাহিনী একটি হোটেলের ছাদ থেকে বিক্ষোভকারীদের ওপর গ্রেনেড লঞ্চার, ভারী মেশিনগান দিয়ে আক্রমণ চালায়। জুমার নামাজের পর শত শত সরকারবিরোধী গাদ্দাফির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছিল।বিক্ষোভকারীদের একজন মুখপাত্র জানান, গাদ্দাফি অনুগতদের হামলায় তারা পিছু হটে। তিনি বলেন, তাঁরা এখনো শহরের কেন্দ্রস্থলে অবস্থান করছেন। লিবিয়া সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, শহরটির পতন হয়েছে। এটি এখন মুক্ত। সামান্য কিছু এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকতে পারে। তবে শহরের বেশির ভাগই স্বাধীন হয়েছে।এদিকে বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা রাস লানুফের বিমানবন্দর দখলে নিয়েছে। এরপরই ভূমধ্যসাগরীয় এই তেল শহর দখল নেয়। বিক্ষোভকারী হাফেজ ইব্রাহিম বলেন, ‘তেল ঘাঁটিসহ রাস লানুফের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছি।’ তবে সেখানের সেনা ঘাঁটি কারা নিয়ন্ত্রণ করছে, সে ব্যাপারে তিনি কিছু বলেনি। তবে গাদ্দাফির সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী খালেদ কেইম বিক্ষোভকারীদের এ বক্তব্য নাকচ করে দেন। তিনি সাংবাদিকদের বলেন, সরকারি বাহিনী এখনো শহরটি নিয়ন্ত্রণ করছে।লিবিয়ার বিক্ষোভকারীরা বেনগাজিসহ পূর্বাঞ্চলের অনেক এলাকা ইতিমধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের একজন মুখপাত্র বলেন, গাদ্দাফির অনুগতরা এখনো পূর্বাঞ্চলে সরকারবিরোধীদের লক্ষ্য করে বোমা হামলা অব্যাহত রেখেছে। সালেহ নামের এক বাসিন্দা বলেন, প্রচুর মানুষ নিহত হয়েছে। অনেক লোক হাসপাতালে চিকিত্সাধীন। পরিস্থিতি খুবই বিপজ্জনক।