ত্রিপোলির কারাগারে বিচার হবে সাইফের
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ গাদ্দাফিকে দুই মাসের মধ্যে ত্রিপোলির একটি কারাগারে নিয়ে আসা হবে। ত্রিপোলিতে নির্মাণাধীন ওই কারাগারের কাজ শেষ হলে সেখানে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হবে। গতকাল রোববার দেশটির ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) চেয়ারম্যান মোস্তফা আবদুল জলিলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।এনটিসি চেয়ারম্যান জানান, গাদ্দাফির সময়কালে মধ্য ত্রিপোলিতে ওই কারাগার নির্মাণ শুরু হয়, যা এখনো চলছে। নির্মাণকাজ শেষ হলে যত দ্রুত সম্ভব সাইফকে এ কারাগারে নিয়ে আসা হবে। এখন পর্যন্ত বিচারের দিনক্ষণ ঠিক না হলেও দুই মাসের মধ্যেই তা শুরু হবে বলে নিশ্চিত করেন তিনি। সাইফের বিরুদ্ধে খুন ও ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। এদিকে, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত সাইফকে মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত করেছে। কিন্তু লিবিয়া চায় স্বদেশেই তাঁর বিচার হোক।লিবিয়ার সাহারা মরুভূমিতে ধরা পড়ার পর গত তিন মাস পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানের একটি গোপন স্থানে সাইফকে লুকিয়ে রাখা হয়। জিনতানের কমান্ডার জানান, গাদ্দাফির মতো পরিণতি এড়াতেই সাইফকে ওই প্রত্যন্ত পাহাড়ি শহরে রাখা হয়েছিল। রয়টার্স।