ত্রিপোলির ৫০ কিলোমিটার দূরে বিদ্রোহীরা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার বিদ্রোহীরা দেশটির রাজধানী ত্রিপোলি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছেন। আজ রোববার তাঁরা ত্রিপোলির পশ্চিমের জাওইয়া শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। জাওইয়া শহর থেকে রয়টার্সের প্রতিবেদক জানিয়েছেন, তিনি প্রায় ৫০ জন বিদ্রোহীকে শহরটির প্রধান মার্কেটে স্লোগান দিতে এবং তাঁদের পতাকা ওড়াতে দেখেছেন। বিদ্রোহীরা জানিয়েছেন, শহরটিতে এখনো গাদ্দাফির অনুগত সেনারা আছেন। সেখানে থেমে থেমে গোলাগুলির শব্দও শোনা যাচ্ছে।লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর এই প্রথম বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির এত কাছে আসতে সক্ষম হলেন। এই শহরের দখল ধরে রাখতে পারলে বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলির সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ পথ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।