ত্রিমাত্রিক ছবি হচ্ছে ‘হ য ব র ল’
সুকুমার রায়ের অমর সৃষ্টি ‘হ য ব র ল’ অবলম্বনে ত্রিমাত্রিক ছবি বানানোর পরিকল্পনা করছেন ‘নটবর নট আউট’খ্যাত ভারতীয় চিত্রপরিচালক অমিত সেন। সবকিছু ঠিকঠাক মতো এগোলে এটিই হবে প্রথম বাংলা ত্রিমাত্রিক ছবি।এ প্রসঙ্গে অমিত সেনের উদ্ধৃতি দিয়ে টিএনএন জানায়, ‘সুকুমার রায়ের একনিষ্ঠ ভক্ত আমি। বেশ কয়েক বছর ধরেই “হ য ব র ল” নিয়ে ছবি বানানোর ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অবশেষে সেটা এবার বাস্তবে রূপ পেতে যাচ্ছে।’অমিত সেন আরও বলেন, ‘কয়েক দশক আগে “হ য ব র ল” প্রকাশিত হয়েছিল। কাজেই কপিরাইট নিয়ে কোনো ঝামেলার অবকাশ এ ক্ষেত্রে নেই। এরই মধ্যে ছবিটি প্রযোজনার জন্য রাজি হয়েছেন গৌতম কুণ্ডু। প্রয়োজনে সুকুমার রায়ের পরিবারের সঙ্গে এই ছবি নিয়ে আলোচনায় বসবেন তিনি। সত্যি বলতে কি গৌতমদাকে ছাড়া এমন কঠিন একটি কাজ হাতে নেওয়ার সাহস আমার ছিল না। শিগগিরই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজের উদ্দেশ্যে মুম্বাই যাব আমি।’‘হ য ব র ল’-এর গল্পে একটি ছেলে হঠাত্ আবিষ্কার করে যে তার রুমালটি বিড়াল হয়ে গেছে। এরপর সেই বিড়ালের সঙ্গে আলাপচারিতার শুরু। এর পর থেকেই অদ্ভুত সব কাণ্ড-কারখানা ঘটতে থাকে। গল্পের শেষ পর্যায়ে ছেলেটি ঘুম থেকে উঠে আবিষ্কার করে যে সে স্বপ্ন দেখছিল।লুইস কেরলের ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর কাহিনির সঙ্গে ‘হ য র র ল’র অদ্ভুত একটি সাদৃশ্য রয়েছে। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ নিয়ে ত্রিমাত্রিক চলচ্চিত্র বানিয়েছেন হলিউডের চিত্রনির্মাতা টিম বার্টন। এ প্রসঙ্গে অমিত সেনের ভাষ্য, ‘জনি ডেপ এবং মিয়া ওয়াসিকাওস্কা অভিনয় করেছেন “অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড” ছবিতে। সেটা তৈরি হয়েছে হলিউডে। আমি আমার নিজের মতো করে বাংলায় তৈরি করব “হ য ব র ল” অবলম্বনে ত্রিমাত্রিক ছবি।’