ত্রিশাল ও যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫
ত্রিশাল ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ও দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। ঢাকা-ময়মনসিংহ সড়কের ত্রিশালে বাস-টেম্পোর সংঘর্ষে দুজন নিহত হয়েছে। দুর্ঘটনায় সাতজন আহত হয়েছে। নিহতেরা হলেন—রহিমা খাতুন (৪৫) ও তাঁর মেয়ে সালমা খাতুন (১৫)। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর চালক বাসটি নিয়ে পালিয়ে গেছেন।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন চামড়া ব্যবসায়ী নিহত ও আটজন আহত হয়েছে।নিহতেরা হলেন, সদর উপজেলার চাউলিয়া গ্রামের অজিত দাস (৫০) ও ইকবাল হোসেন (৩৫)। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে চামড়া ব্যবসায়ীরা নছিমনে চড়ে রাজারহাট যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা একটি মাছবাহী পিকআপ নছিমনের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অজিত ও ইকবাল হোসেন নিহত হন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।