ত্রিশালে আটটি গাড়ি ভাঙচুর, আটক ২
ময়মনসিংহের ত্রিশালে আজ সোমবার ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে কয়েকটি স্থানে মোট আটটি গাড়ি ভাঙচুর করেছেন হরতাল-সমর্থকেরা। আটক করা হয়েছে বিএনপির দুই নেতাকে।গতকাল রোববার রাতে হরতাল সামনে রেখে আমীরাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও কানহর এলাকা থেকে বৈলর ইউনিয়ন বিএনপির সদস্য জালাল উদ্দিনকে আটক করেছে পুলিশ।আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌর এলাকার নওধার নামক স্থানে একটি যাত্রীবাহী লেগুনা থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে সেটি ভাঙচুর করেন পিকেটাররা। এ ছাড়া মহাসড়কের বগারবাজার নামক স্থানে একটি পিকআপ, তিনটি টেম্পো ও একটি ট্রাক ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। অন্যদিকে, উপজেলার বৈলর নামক স্থানে একটি টেম্পো ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার প্রথম আলো ডটকমকে জানান, বিক্ষিপ্তভাবে দু-একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি দুজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।