ত্রিশালে চলতি মাসে পাঁচজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নিখোঁজ হওয়ার চার দিন পর আজ সোমবার অষ্টম শ্রেণীর এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা-পুলিশ। দিলরুবা খাতুন নামের ওই শিক্ষার্থী চকরামপুর ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়ত। ত্রিশালে এ নিয়ে চলতি মাসে এ পর্যন্ত পাঁচটি হত্যার ঘটনা ঘটল। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, উপজেলার বাবুপুর গ্রামে দিলরুবাদের বাড়িতে কাকচর গ্রামের সিদ্দিক মেম্বারের ছেলে আলী হোসেন জায়গির থাকতেন। কয়েক মাস আগে আলী হোসেনের সঙ্গে দিলরুবার বিয়ে দেওয়ার কথা বলে তাঁকে বিদেশে পাঠান দিলরুবার মা সায়দা খাতুন। ১৫ দিন আগে আলী হোসেন বিদেশ থেকে ফিরে দিলরুবাদের বাড়িতেই থাকতে শুরু করেন। গত শুক্রবার দিলরুবা ও আলী হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। ওই দিন থেকে সায়দা খাতুনেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।আজ সকালে বাড়ির পাশের লেবুবাগানের একটি গর্তে দিলরুবার লাশ পাওয়া যায়। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় দিলরুবার মাকে আটক করা হয়েছে। এলাকাবাসীর সন্দেহ, দিলরুবার মায়ের সঙ্গে আলী হোসেনের সম্পর্ক ছিল, এ জন্য তাঁরা দিলরুবাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওসি ফিরোজ তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।চকরামপুর ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ওসমান গনি জানান, মেয়েটি জুন মাসে মাদ্রাসায় আসেনি।পুলিশের তথ্যমতে, এ মাসে ত্রিশালে এ পর্যন্ত পাঁচটি হত্যার ঘটনা ঘটেছে। ৮ জুন ত্রিশাল বাজারে রাজীব চন্দ্রগুপ্ত, ১০ জুন ত্রিশালের নামাপাড়ায় আবদুল বারেক, ১২ জুন ধানীখোলায় বদরউদ্দিন, ২১ জুন বৈলুরে একরামুল হক নামের এক শিশুকে হত্যা করা হয়।