ত্রিশালে নির্বাচনী সহিংসতায় একজন নিহত
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মোফাজ্জেল হোসেন (৩০)। গতকাল সোমবার রাতে উপজেলার ত্রিশাল ইউনিয়নের রাগামারা বাজারে এ সহিংসতা ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল রাত সাতটার দিকে ত্রিশাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের সঙ্গে সংরক্ষিত নারী আসনে পরাজিত মেম্বার প্রার্থী তাসলিমা খাতুনের স্বামী সোহরাব হোসেন কবিরাজের নির্বাচন-সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটি ও তুমুল বাগবিতণ্ডা হয়। এ সময় সোহরাব হোসেন তাঁর লোকজনকে খবর দেন। সোহরাব হোসেনের লোকজন এসে রাগামারা বাজারে হামলা চালায় এবং সোহরাব হোসেন কবিরাজের দোকান ভাঙচুর করে। এ সময় সোহরাব হোসেনের লোকজন মোফাজ্জেল হোসেনসহ আরও কয়েকজনকে পিটিয়ে মারাত্মক আহত করে। মোফাজ্জেল হোসেনকে প্রথমে ত্রিশাল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।মোফাজ্জেল হোসেনের পরিবার দাবি করেছে, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন এলাকায় প্রভাবশালী হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাগামারা বাজার বন্ধ রয়েছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা হবে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে।উল্লেখ্য, ত্রিশালে ২৫ জুন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।