ত্রিশালে বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে উপজেলার উকিল বাড়ি এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী বিনিময় পরিবহনের একটি বাসের সঙ্গে ত্রিশাল থেকে ময়মনসিংহগামী একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে ওই যাত্রীর লাশ উদ্ধার করেন। দুর্ঘটনায় আহত হন অন্তত ১১ জন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।