ত্রিশালে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮
ময়মনসিংহের ত্রিশালে আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে বাস ও লেগুনার সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার রাঙামাটি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।ত্রিশাল থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আজ মহাসড়কের ত্রিশালের রাঙামাটি এলাকায় ভালুকাগামী একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চাকা ফেটে বাসটি উল্টে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই লেগুনার এক নারীযাত্রীসহ চারজনের মৃত্যু হয়। গুরুতর আহত এক নারীকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়। পরে আহতদের মধ্য থেকে আরও তিনজন মারা যান। আহত ৩০ জনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন গফরগাঁওয়ের রোজিনা (২৫), মাগুরজোড়া গ্রামের আসাদুল হক (২৭), রফিকুল ইসলাম (৩২), আবদুল মান্নান শেখ (৬০), গুলনাহার বেগম (৩৫), হোসেন আলী (৩০), মানিক (৩০) ও হাসমত আলী (৫০)।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার দুর্ঘটনায় আটজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।