ত্রিশালে বাসে আগুন, চারটি গাড়ি ভাঙচুর
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় আজ মঙ্গলবার বাস পুড়িয়েছে হরতাল-সমর্থকেরা। বিএনপি-শিবিরের কর্মীরা চারটি গাড়ি ভাঙচুর করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতাল শুরুর আগেই ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গুলশান সিনেমা হলের কাছে একটি থেমে থাকা বাসে আগুন দেয় পিকেটাররা। এতে বাসটি পুরোপুরি পুড়ে যায়। এ ছাড়া শিবির ও বিএনপির কর্মীরা মহাসড়কের বগারবাজার, হাসমতের মোড় এলাকায় পিকেটিং করে দুটি টেম্পো ভাঙচুর করেন।মহাসড়কের বৈলর ও কাজির শিমলায় বিএনপির পিকেটাররা ট্রাকের কাচ ও টেম্পো ভাঙচুর করেন। বেলা বাড়লে রাস্তায় আর পিকেটারদের তেমন দেখা যায়নি।এদিকে, হরতালের সময় নাশকতা করতে পারে—এ রকম অভিযোগে গতকাল রাত ১১টার দিকে ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি জসিম উদ্দিন ও ত্রিশাল সদর থেকে বাপ্পী নামের পিকেটারকে আটক করেছে ত্রিশাল থানার পুলিশ।তথ্যের সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নাশকতা ও পিকেটিং করতে পারে—এমন অভিযোগ থাকায় তাঁদের আটক করা হয়।