ত্রিশালে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে আজ শনিবার ভোরে আবদুল মালেক (২৮) নামের এক ব্যবসায়ী রহস্যজনকভাবে খুন হয়েছেন। দুপুর ১২টায় ত্রিশালের আবাসিক বিদ্যুত্ অফিসের ভবনের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, আজ সকালে মালেকের গ্রামের বাড়িতে এক মহিলা ফোন করে মালেকের মৃত্যুর খবর দেন। এদিকে, প্রতিবেশীরা মালেকের দুই ভাইকে ফোন করে এ খবর দেয়। পরে দুপুর ১২টায় ঘটনাস্থলে এসে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জমির উদ্দিন প্রথম আলো অনলাইনকে বলেন, মালেকের পিঠে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। এ বিষয়ে শিগগিরই মামলা হবে।মালেকের স্বজনদের দাবি, ব্যবসা-সংক্রান্ত কারণে মালেককে খুন করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সকাল থেকেই হাজার হাজার মানুষ বিদ্যুত্ অফিস ঘিরে রেখেছে।নিহত মালেক ত্রিশাল বিদ্যুত্ অফিসের আবাসিক প্রকৌশলী কার্যালয়ের একটি কক্ষে একা থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ত্রিশাল উপজেলার কোনাবাখাইল গ্রামে।