ময়মনসিংহের ত্রিশালে গতকাল বুধবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই শতাধিক গাড়ি ভাঙচুর করেছে। এতে প্রায় চার ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ভাঙচুর ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ২২ জন আহত হয়।ত্রিশালের বৈলর নুরুর দোকান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষ হয়। পরে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসটি ময়মনসিংহ থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিল। পথে নুরুর দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা হালুয়াঘাটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক মোবারক হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের ১১ জন কর্মকর্তা-কর্মচারী আহত হন। মোবারককে একটি বেসরকারি ক্লিনিকে ও অন্যদের ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অপর বাসটির অন্তত পাঁচজন যাত্রী আহত হয়।বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়ে, চালক মোবারক মারা গেছেন। এই খবরে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর শুরু করেন। শিক্ষার্থীরা লাঠি, রড ও ইটপাটকেল নিয়ে আশপাশের তিনটি পেট্রল পাম্পে ঢুকে সেখানে থাকা ব্যক্তিগত কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালান। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীবাহী বাস থেকে নেমে আতঙ্কিত যাত্রীরা ছোটাছুটি করতে থাকে। ভাঙচুর ও লাঠির আঘাতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। আতঙ্কিত অনেক যাত্রীকে কাঁদতে দেখা যায়।খবর পেয়ে ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম সোবহান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তাফিজুর রহমান ও গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হায়াতুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। শিক্ষার্থীরা তাঁদের ঘিরে ফেলেন। এই খবর পেয়ে ভালুকা থানার পুলিশ ও পরে ময়মনসিংহ থেকে রিজার্ভ পুলিশ ঘটনাস্থলে যায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনটি ফাঁকা গুলি ছোড়ে ও কাঁদানে গ্যাসের সাতটি শেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীদের ইটপাটকেলে ভালুকা থানার পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হন। একপর্যায়ে পুলিশ একজন শিক্ষার্থীকে আটক করে। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। সংঘর্ষে আহত ব্যক্তিদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।সাংবাদিকেরা ভাঙচুরের ছবি তুলতে গেলে শিক্ষার্থীরা তাঁদের ওপর চড়াও হন। তাঁরা সংবাদ-এর প্রতিনিধি রেজাউল করিমের ক্যামেরা ছিনিয়ে নিয়ে ছবি নষ্ট করে দেন। প্রথম আলোর আলমগীর কবীরের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ইনকিলাব-এর প্রতিনিধি হুমায়ূন কবীরের ক্যামেরা ছিনিয়ে নিয়ে নষ্ট করা হয়। দুর্ঘটনা ও শিক্ষার্থীদের ভাঙচুরের কারণে মহসড়কে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হয়। অনেক পরীক্ষার্থীকে হেঁটে পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা যায়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (আজ) ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে। আগামী শনিবার সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে।ময়মনসিংহের গফরগাঁও সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হায়াতুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে মামলা হবে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়।