ত্রিশের কম বয়সী নারীকর্মী মধ্যপ্রাচ্যে পাঠাবে না নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধপ্রাচ্যের বিভিন্ন দেশে ৩০ বছরের কম বয়সী নারীকর্মীদের পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল। মধ্যপ্রাচ্যে নারীকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগের মুখে নেপাল এ সিদ্ধান্ত নেয়।নেপালের তথ্যমন্ত্রী রাজ কিশোর যাদব বলেন, উপসাগরীয় দেশগুলোতে তরুণী গৃহকর্মীদের ওপর যৌন ও মনস্তাত্ত্বিক নির্যাতনের অভিযোগ রয়েছে। তাই অনূর্ধ্ব-৩০ নারীকর্মীদের মধ্যপ্রাচ্যে পাঠানো বন্ধ রাখার ব্যাপারে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। ত্রিশোর্ধ্ব নারীদের বিদেশে এ ধরনের নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকি কম।মধ্যপ্রাচ্যে নারীকর্মীদের ওপর শারীরিক ও যৌন নির্যাতন, নিকৃষ্ট পরিবেশে জীবনযাপনে তাঁদের বাধ্য করা, বিনা পারিশ্রমিকে কাজ করানোর অভিযোগ প্রায় নিয়মিত। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে নেপালি নারীশ্রমিক পাঠানো ১২ বছর বন্ধ ছিল। কুয়েতে নির্যাতিত নেপালি এক তরুণী কর্মীর আত্মহত্যার ঘটনা নেপালে ব্যাপকভাবে আলোচিত হওয়ার পর দেশটির সরকার ওই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এ নিষেধাজ্ঞার অবসানের দেড় বছরের মধ্যে দেশটির সরকার অনূর্ধ্ব-৩০ নারীশ্রমিকদের মধ্যপ্রাচ্যে পাঠানো বন্ধের সিদ্ধান্ত নেয়।গৃহকর্মীর কাজ নিয়ে নেপাল থেকে প্রতিদিন প্রায় এক হাজার জন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়। সরকারি হিসাবের বাইরেও অন্তত দুই লাখ নেপালি নারী মধ্যপ্রাচ্যে কাজ করেন। তাঁদের অনেকেই নির্যাতনের শিকার হয়ে স্থানীয় নেপালি দূতাবাসগুলোতে আশ্রয়ের প্রার্থনা করেন। বিবিসি।