ত্রুটি আয়োজকদের দুঃখ প্রকাশ গুলাম আলীর
ওস্তাদ গুলাম আলী এসেছিলেন ঢাকায় তাঁর অনুরাগী শ্রোতাদের গান শোনাতে। বৃহস্পতিবার রাতে গাইতেও শুরু করেছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য সংগীতানুরাগীদের, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে শুরুতেই গান থামাতে হয়েছে তাঁকে। পণ্ড হয়ে গেছে উপমহাদেশের প্রখ্যাত এই গজলশিল্পীর গানের আসর। শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করে মঞ্চ ছেড়েছেন তিনি।বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘গজল লিজেন্ড গুলাম আলী নাইট’ নামের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল ওয়েব এন্টারটেইনমেন্ট লিমিটেড। অনুষ্ঠানে গজলের সঙ্গে ছিল ফ্যাশন শো এবং নৈশভোজের ব্যবস্থা। চড়া দামে টিকিট কেটে এসেছিলেন প্রায় হাজার দেড়েক শ্রোতা। অনুষ্ঠানের শুরু থেকেই ছিল নানা অব্যবস্থাপনা। প্রথমত, আসনের চেয়ে দর্শকসংখ্যা ছিল বেশি। নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি পরে অনুষ্ঠান শুরু হয় ফ্যাশন শো দিয়ে। ফ্যাশন শো শেষ হলে গজলের উপযোগী করে মঞ্চ সাজাতে লম্বা সময় লেগে যায়। রাত পৌনে ১০টায় গান শোনাতে মঞ্চে আসেন ওস্তাদ গুলাম আলী। কিন্তু শব্দযন্ত্রে ত্রুটির কারণে তিনি গান শুরু করতে পারছিলেন না। দর্শক-শ্রোতারা চির্যাকার শুরু করেন। এ অবস্থায় শ্রোতাদের শান্ত করতে ত্রুটিপূর্ণ যন্ত্রেই তিনি গজল শুরু করেন। ফলে প্রথম গজলের কিছুই বোঝা যায়নি। তাঁর দ্বিতীয় গানটি ছিল ‘চুপকে চুপকে’। খানিকটা গাওয়ার পরে যান্ত্রিক ত্রুটি এতই প্রকট হয়ে ওঠে যে, শ্রোতারা কিছুই শুনতে পারছিলেন না। একপর্যায়ে শিল্পী গান গাওয়া বন্ধ করতে বাধ্য হন। গান থামিয়ে তিনি শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করে মঞ্চ ছেড়ে চলে যান।এই পরিস্থিতিতে শ্রোতারা উত্তেজিত হয়ে ওঠেন। চির্যাকার-চেঁচামচি করে আয়োজকদের খুঁজতে থাকেন। কিন্তু তাদের পাওয়া যায়নি। একপর্যায়ে শ্রোতারা ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।