ত্রুটিপূর্ণ আইন পাস চলছেই, প্রশ্নবিদ্ধ সংসদীয় কমিটি
আইন প্রণয়ন-সংক্রান্ত বিল পরীক্ষা-নিরীক্ষার কাজে সংসদীয় কমিটির ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কমিটি অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রণালয়ের তৈরি খসড়া আইন হুবহু অনুমোদন দেওয়ায় ত্রুটিপূর্ণ আইন পাসের ঝুঁকি থেকে যায়। বর্তমান সংসদেও তেমন কয়েকটি আইন পাস হয়েছে। সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, ত্রুটিপূর্ণ আইনগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু অধিকাংশ কমিটি খসড়া আইনের বানান ও বাক্যের ত্রুটি সংশোধন করে দায়িত্ব শেষ করেছে। আইনগত ত্রুটি তাদের দৃষ্টি এড়িয়ে গেছে। সংসদীয় কমিটির চেয়ারম্যানদের কারও কারও মতে, মন্ত্রণালয়ের জোর তাগিদের কারণে অধিকাংশ বিল সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা না করেই প্রতিবেদন দিয়ে দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমান সংসদের সপ্তম অধিবেশন পর্যন্ত ১৩০টি আইন পাস হয়েছে। ত্রুটিপূর্ণভাবে পাস হওয়া উল্লেখযোগ্য আইন হলো: স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯; স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯; উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ এবং দি জুট (সংশোধন) অ্যাক্ট, ২০০৯। তবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জুট আইনে এরই মধ্যে সংশোধনী এনে ত্রুটি দূর করা হয়েছে। উপজেলা আইনের ত্রুটি দূর করার জন্য সংসদের গত অধিবেশনে বিল আনা হয়েছে। দি জুট (সংশোধন) বিল নিয়ে সংসদ সচিবালয়কে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল। আইনটি ত্রুটিপূর্ণভাবে পাস হওয়ার পর পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বিল না এনেই এটিকে সংশোধন করে দেওয়ার জন্য সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছিলেন। সংসদ সচিবালয় থেকে মন্ত্রীকে জানানো হয়েছিল, ত্রুটিযুক্ত আইনটি সংশোধন করতে হলে মন্ত্রীকে পুনরায় বিল উত্থাপন করতে হবে। বিলটি পর্যালোচনা করে দেখা গেছে, আইনের পুরোনো বিধান অনুযায়ী দেশীয় পদ্ধতিতে, অর্থাৎ মণ ও সের হিসাবে পাট ওজন করা হতো। মন্ত্রণালয় এই হিসাবকে মেট্রিক পদ্ধতিতে (মিটার-কিলোগ্রাম) রূপান্তরের জন্য সংসদের তৃতীয় অধিবেশনে বিল আনে। তাতে মণকে ভুলভাবে কিলোগ্রামে রূপান্তর করে ‘পাঁচ মণ’ এর জায়গায় ‘১৫০ কেজি’ প্রতিস্থাপনের কথা বলা হয়েছে। প্রকৃত অর্থে তা হবে ১৮২ দশমিক ২৫ কেজি। শেষ পর্যন্ত ভুলভাবেই আইনটি পাস হয়। এরপর সংসদের পঞ্চম অধিবেশনে আইনটি শুদ্ধ করে পাস করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৮ সালের স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ রহিত করে ১৯৯৮ সালের উপজেলা আইন সংশোধিত আকারে পুনরায় চালুর জন্য বিল আনে। বিলটি পাস হয় ২০০৯ সালের ৬ এপ্রিল (সংসদের প্রথম অধিবেশন)। পাস হওয়ার পর দেখা যায় আইনটিতে বিস্তর ভুল, যা প্রয়োগযোগ্য নয়। সংসদ সচিবালয়সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সংসদে পাস হওয়া আইনে সচরাচর এ ধরনের ত্রুটি-বিচ্যুতি দেখা যায় না। পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৯৮ সালে উপজেলা আইনে ভাইস চেয়ারম্যানের পদ ছিল না। তাই সংশোধিত আইনে চেয়ারম্যানের সঙ্গে দুটি ভাইস চেয়ারম্যানের (সাধারণ ও নারীদের জন্য সংরক্ষিত) পদ সৃষ্টি করা হয়েছে। কিন্তু ভাইস চেয়ারম্যানসংশ্লিষ্ট আইনের অন্যান্য ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনা হয়নি। আইনে প্রার্থীর যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ এবং অপরাধ ও দণ্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়নি। তাই বর্তমান উপজেলা নির্বাচন আইনে যুদ্ধাপরাধীদের প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। প্রার্থীদের ব্যক্তিগত হলফনামা জমা দেওয়ার বিধানও বিদ্যমান উপজেলা আইনে নেই। উপজেলা আইনের এসব ত্রুটি দূর করার জন্য সম্প্রতি যে বিল আনা হয়েছে তাতে দেখা গেছে, আইনটিকে শুদ্ধ করার জন্য মোট ১৯টি সংশোধনী প্রস্তাব আনতে হয়েছে। বর্তমানে বিলটি সংসদীয় কমিটি পরীক্ষা-নিরীক্ষা করছে। জানা গেছে, ত্রুটিপূর্ণভাবে আইন পাস হওয়ায় কমিটির সর্বশেষ বৈঠকে সদস্যদের কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেন। একই রকম অসংগতি রেখে সংসদের তৃতীয় অধিবেশনে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা আইনও পাস হয়। দুটি আইনে বলা হয়েছিল, ইউনিয়ন ও পৌরসভার এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের জনসংখ্যার ব্যবধান ১০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রেখে ওয়ার্ডের সীমানা বিন্যাস করতে হবে। আইন দুটি পাস হওয়ার পর নির্বাচন কমিশন থেকে মন্ত্রণালয়কে জানানো হয়, এ আইন কার্যকর করতে গেলে সারা দেশের পাড়া-মহল্লা খণ্ডবিখণ্ড হয়ে যাবে এবং দেশজুড়ে দাঙ্গা-হাঙ্গামাও বেধে যেতে পারে। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী, ত্রুটিপূর্ণভাবে আইন পাস হওয়ার কারণেই নির্ধারিত সময়ে প্রায় দুই বছর পরে পৌর নির্বাচন আয়োজন করতে হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন এখনো আয়োজন করা সম্ভব হয়নি। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ শূন্য হওয়া ১১টি উপজেলার নির্বাচন আয়োজন করাও সম্ভব হচ্ছে না। সূত্র আরও জানিয়েছে, ত্রুটিপূর্ণ আইনের কারণে বেশ কিছুদিন সরকারি গুদামে পাটের বেল বাঁধার কাজও বন্ধ ছিল। স্থানীয় সরকার নির্বাচনী আইনের ত্রুটি সম্পর্কে এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী প্রথম আলোকে বলেন, এ ধরনের ভুল আইন মন্ত্রিসভা অনুমোদন করল কীভাবে? প্রস্তাবিত আইনের রন্ধ্রে রন্ধ্রে ত্রুটি থাকলে কমিটির কী করার আছে?একই কমিটির সদস্য বিরোধীদলীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, মন্ত্রণালয় থেকে আইনের যে খসড়া তৈরি করে দেওয়া হয়, কমিটি তা-ই অনুমোদন করে দেয়। এ ক্ষেত্রে কেউ মতামত দিলেও সেটা গ্রহণ করা হয় না।সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, আইন প্রণয়নের জন্য মন্ত্রণালয় থেকে সংসদে বিল উত্থাপনের পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি বিল পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন উপস্থাপন করার পর মন্ত্রী তা পাসের জন্য উত্থাপন করেন। বিল উত্থাপনের পর সংসদের সাধারণ সদস্যরাও বিলের ত্রুটি-বিচ্যুতি সংশোধনের জন্য নোটিশ দিতে পারেন। কিন্তু মন্ত্রিপরিষদের অনুমোদন এবং সংসদীয় কমিটির পরীক্ষা-নিরীক্ষার পর সরকারি দলের সাংসদেরা সাধারণ আইনের ত্রুটি-বিচ্যুতি খোঁজার চেষ্টা করেন না। বিরোধী সদস্যরা ক্ষেত্রবিশেষে নোটিশ দিলেও সংসদে অনুপস্থিতির কারণে তা উত্থাপন হয় না।ত্রুটিপূর্ণভাবে আইন পাস হওয়ার কারণ সম্পর্কে পঞ্চম সংসদের স্পিকার শেখ রাজ্জাক আলী বলেন, ‘অতীতের সংসদে আমরা উল্লেখযোগ্যসংখ্যক আইনজীবীকে দেখেছি। কিন্তু এখন সংসদে ব্যবসায়ী আর ঠিকাদারের সংখ্যা বেশি। সুতরাং সব আইন সঠিকভাবে পাস হবে, তা আশা করা যায় না। নিয়ম হচ্ছে, কোনো আইনে সংশোধনী এলে পুরোনো আইনটি মনোযোগ সহকারে পড়তে হবে। কিন্তু এখন সাংসদ বা কমিটির সদস্যরা কোনো আইনই ভালো করে পড়েন না। যে কারণে কখনো কখনো আইনে বড় ধরনের অসংগতি দেখা যায়।একই বিষয়ে সংসদের স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘সরকারের মন্ত্রিপরিষদ অনুমোদন করার পর একটি বিল সংসদে উত্থাপন করা হয়। সেই বিলের ত্রুটি-বিচ্যুতি পরীক্ষা-নিরীক্ষা করার জন্য কমিটিতে পাঠানো হয়। তার পরও যদি আইনে ভুল থেকে যায়, সে ক্ষেত্রে স্পিকার হিসেবে আমার কিছু করার থাকে না।’