ত্রয়োদশ সংশোধনী বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অবৈধ হলো। তবে আদালত অভিমত দিয়েছেন, আগামী দশম ও একাদশ সংসদ নির্বাচন এই ব্যবস্থার অধীনে হতে পারে। তা ছাড়া এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের বিধান বাদ দিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনার স্বাধীনতা সংসদের রয়েছে।গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দেন। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। সকাল সাড়ে নয়টার দিকে এজলাসে আসেন বিচারপতিরা। কয়েক মিনিটে রায়ের সংক্ষিপ্ত আদেশ পড়েন প্রধান বিচারপতি।আদেশে বলা হয়, সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে আপিল মঞ্জুর করা হলো। সংবিধান (ত্রয়োদশ সংশোধনী) আইন, ১৯৯৬ (আইন-১: ১৯৯৬) এখন থেকে বাতিল ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হলো। দশম ও একাদশ সংসদ নির্বাচন উল্লিখিত সংশোধনীর অধীনে হতে পারে। কারণ আইনের বহু পুরোনো নীতি—কোনো কিছু বেআইনি হলে প্রয়োজনের তাগিদে তা আইনসম্মত, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা হচ্ছে সর্বোচ্চ আইন। আদেশে আরও বলা হয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগের বিধান বাতিলে প্রয়োজনীয় আইন সংশোধনের ক্ষেত্রে সংসদের স্বাধীনতা রয়েছে।রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষিত হয়েছে। অর্থাৎ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল মঞ্জুর হয়েছে। কিন্তু পরবর্তী দুটি নির্বাচন অর্থাৎ দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অনুযায়ী হবে। আদালত সংসদের প্রতি এ ধরনের আইন করার অনুরোধ জানিয়েছেন, যাতে বর্তমান আইনটি সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান বিচারপতি বা আপিল বিভাগের যেকোনো বিচারপতিকে সম্পৃক্ত না করা হয়।আপিলকারীর আইনজীবী এম আই ফারুকী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘এটা সংবিধান ও জনগণের জন্য ভালো হলো। আমরা সংবিধান রক্ষা করতে পেরেছি।’আইন বিশেষজ্ঞরা বলেছেন, আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে হবে। তবে সংসদ এ সময়ের মধ্যে আইন সংশোধন করতে পারে। আদালতের পর্যবেক্ষণ সংসদের জন্য বাধ্যতামূলক নয়। সার্বিক বিবেচনায় বিষয়টি এখন সংসদের ওপর নির্ভর করছে বলেও মত দিয়েছেন তাঁরা।২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে রায় দেন। ওই রায়ের বিরুদ্ধে পরের বছর আপিল করা হয়। চলতি বছরের ১ মার্চ আপিল বিভাগে এর ওপর শুনানি শুরু হয়। আদালতে আপিলকারী ও রাষ্ট্রপক্ষ ছাড়াও শুনানিতে অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে শীর্ষস্থানীয় আট আইনজীবী বক্তব্য দেন। অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান, ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তবে রফিক-উল হক ও এম জহির বর্তমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংস্কারের পক্ষে মত দেন। অপর অ্যামিকাস কিউরি আজমালুল হোসেন কিউসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটা সংবিধানের মৌল কাঠামোর পরিপন্থী। ১০ দিন শুনানি শেষে ৬ এপ্রিল আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। এরপর গতকাল মঙ্গলবারের কার্যতালিকায় বিষয়টি রায় ঘোষণার জন্য আসে।রায়টি নীতিগতভাবে সঠিক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, আগামী দুটি নির্বাচন যদি এই আইনের অধীনে না করার আদেশ দেওয়া হতো, তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। নানাভাবে নির্বাচন ব্যাহত হতো, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠত। এই রায়ে অন্তত বিচার বিভাগের মর্যাদা ও প্রধান বিচারপতিকে সবকিছুর ঊর্ধ্বে রাখাসহ ইত্যাদি বিষয় প্রতিভাত হয়েছে। বিচার বিভাগের উদ্দেশ্য ও নিরপেক্ষ থাকার বিষয়টি রায়ে ব্যক্ত হয়েছে।এম আমীর-উল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘রায়ের পর সংসদকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ সংসদের ওপর দায়িত্ব পড়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদের পরিবর্তে একটি বিকল্প পদ্ধতি খুঁজে বের করার। এ জন্য সরকারি দল ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র স্থিতিশীল রাখতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। ইতিমধ্যে নির্বাচন কমিশনের অধীনে অনেকগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, যা আমাদের জন্য কৃতিত্বের স্বাক্ষর রাখে।’রফিক-উল হক বলেন, ‘রায় ভালো। আমরা বলেছিলাম, ১৩তম সংশোধনী অবৈধ। যদি অবৈধ না-ও হয়, তার পরও বিচারপতিদের বাদ দেওয়ার কথা বলেছিলাম। আমাদের বক্তব্য আপিল বিভাগ গ্রহণ করে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করেছেন। রায়ে বলা হয়েছে, এখন থেকে রায় কার্যকর হবে, আবার বলা হয়েছে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটা স্ববিরোধী না?’আপিল বিভাগের রায় খুবই সুন্দর হয়েছে মন্তব্য করে এম জহির বলেন, ‘বহুদিন থেকে বলে আসছিলাম, এ ব্যাপারে বিচারপতিদের জড়াবেন না। এত দিন পরে গরিবের কথা বাসি হলে ফলে বোঝা যাচ্ছে। মোদ্দা কথা, দশম ও একাদশ নির্বাচন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় হবে, এটা খুবই উচিত। তবে বিচারপতিদের জড়াবেন না। কিন্তু আইন প্রণয়ন আদালত করতে পারেন না। বিচারপতিদের না রাখার সুপারিশ করেছেন। সংসদ এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সংসদ এটা শুনতে পারে, না-ও শুনতে পারে।’রোকনউদ্দিন মাহমুদ বলেন, রায়ের পর ত্রয়োদশ সংশোধনী আর নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিধান আর নেই। যদি না সংসদ অন্য কোনো বিধান নিয়ে সংশোধন না করে, তাহলে আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার আমলে, যেভাবে হয়েছে সেভাবে। রায়ে বলা হয়েছে, আগামী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিধান করে সংবিধান সংশোধন করা যেতে পারে। প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাখার বিধান বাদ দিয়েও আইন করা যেতে পারে বলা হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ সংসদের ওপর বাধ্যতামূলক নয়। এই পর্যবেক্ষণ নিয়ে আইন প্রণয়ন করা বা সংবিধান সংশোধন করার জন্য সংসদ বাধ্য নয়।আপিলকারী আইনজীবী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘আমি খুশি। গণতন্ত্র সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়াল এবং বিচার বিভাগ আরও বেশি প্রভাবমুক্ত হলো।’ পূর্ণাঙ্গ আদেশ দেখে রায়ে অসংগতি পাওয়া গেলে তা পর্যালোচনা করে পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানান তিনি।আইনমন্ত্রীর বক্তব্য: আইনমন্ত্রী শফিক আহমেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হবে না। পার্শ্ববর্তী দেশেও এ ধরনের ব্যবস্থা নেই। স্বাধীনতা বজায় রেখে নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে। নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালী ভূমিকা পালন করলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তিনি বলেন, আপিল বিভাগ সংবিধানকে সমুন্নত রাখতে সংবিধানের আলোকে ত্রয়োদশ সংশোধনী বাতিল-সংক্রান্ত রায় দিয়েছেন। আদালত হয়তো বিবেচনা করেছে যে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত এবং অনির্বাচিতদের দ্বারা রাষ্ট্র পরিচালনা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।ফিরে দেখা: জানা যায়, ১৯৯০ সালে স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনের পরিপ্রেক্ষিতে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। ত্রয়োদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন। বিচারপতি মো. জয়নুল আবেদীন, বিচারপতি মো. আওলাদ আলী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে ওই রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। এ সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা, ৮, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদে কোনো সংশোধন আনা হয়নি। এ কারণে কোনো গণভোটের প্রয়োজন ছিল না। আদালত এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেন। এই ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করা হয়। তবে এম সলিমউল্লাহ মারা যাওয়ায় আবেদনটি চলতি বছর আবদুল মান্নান খান বনাম বাংলাদেশ সরকার শিরোনামে কার্যতালিকায় আসে।