ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় প্রত্যাখ্যান বিএনপির
বিএনপি সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলসংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় প্রত্যাখ্যান করেছে। এক প্রতিক্রিয়ায় দলটি বলেছে, বিএনপি মনে করে, এমন রায়ে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে।আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।প্রতিক্রিয়ায় বলা হয়, রায়ে সরকারের বিভিন্ন সময়ের বক্তব্যেরই প্রতিফলন হয়েছে। তারা মনে করে, জাতীয় রাজনৈতিক ইস্যুতে দেশের সর্বোচ্চ আদালতের জড়িত হওয়া উচিত নয়। এই রায় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথ প্রশস্ত করবে। বিএনপির কাছে তা গ্রহণযোগ্য হবে না।এ সময় সাংসদ এম কে আনোয়ার, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।