তৎকালীন সরকার পরামর্শ নিত আইন মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লে. কর্নেল এম এ তাহেরসহ অন্যদের বিরুদ্ধে বিচারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেছেন তৎকালীন সেনা কর্মকর্তা নুরুল ইসলাম শিশু। তবে তিনি বলেন, ওই সময় আইনি বিষয়ে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাদত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমান ও বিচারপতি আবদুস সাত্তার (পরবর্তী সময়ে রাষ্ট্রপতি) আইন মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি পরামর্শ করেছিলেন।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে হলফনামা আকারে নুরুল ইসলামের দেওয়া বক্তব্য তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।যুক্তরাষ্ট্র থেকে হলফনামা আকারে পাঠানো বক্তব্যে নুরুল ইসলাম বলেন, ‘এ মামলায় (তাহেরের ভাগ্যে) কী ঘটেছিল, অন্য সামরিক কর্মকর্তাদের মতো আমিও জানতাম না।’ হলফনামায় তিনি আরও বলেন, বিচার চলাকালে এবং বিচার-পরবর্তী সময়ে কোনো কার্যক্রম তিনি প্রত্যক্ষ করেননি। বস্তুত, সাম্প্রতিক গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে তিনি ওই মামলার কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন, যা পূর্বে তাঁর জানা ছিল না।সাবেক এই সেনা কর্মকর্তা শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার তাহেরসহ ১৭ জনকে বিশেষ সামরিক ট্রাইব্যুনালের গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়। তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন। এ ছাড়া গোপন বিচারের মুখোমুখি আরও পাঁচ ব্যক্তি হাইকোর্টে রিট করেন। মেজর (অব.) জিয়াউদ্দিন, হাবিলদার আবদুল হাই মজুমদার, করপোরাল শামসুল হক ও আবদুল মজিদের গোপন বিচার নিয়ে ১ ফেব্রুয়ারি রুল জারি করা হয়। শুনানিকালে গত ১৮ জানুয়ারি হাইকোর্ট তৎকালীন সেনা কর্মকর্তা নুরুল ইসলামকে তলব করেন। কয়েক দফা সময় বাড়ানোর পর সর্বশেষ ৩ ফেব্রুয়ারি আদালত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন।গতকাল দুপুরে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান আদালতে নুরুল ইসলামের লিখিত বক্তব্য পড়ে শোনান। এ সময় নুরুল ইসলামের পক্ষে আইনজীবী রফিক-উল হক উপস্থিত ছিলেন। রফিক-উল হক বলেন, ‘১০ ফেব্রুয়ারি নুরুল ইসলাম তাঁর বক্তব্য পাঠান। ১২ ফেব্রুয়ারি কপিটি পেয়েছি।’নুরুল ইসলামের বক্তব্য: ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পাঠানো তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে বলা হয়, কর্নেল তাহেরসহ অন্যদের তাঁর দেশে অনুপস্থিতকালে গ্রেপ্তার করা হয়। কাকে দিয়ে কখন ওই ঘটনার তদন্ত হয়েছে, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক বিচারপতি সায়েম অথবা উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান তাঁর সঙ্গে তাহেরের মামলার ব্যাপারে কখনো আলোচনা করেননি। সামরিক আইনসহ সব আইনগত বিষয়ে বিচারপতি সায়েম, বিচারপতি সাত্তার (বিশেষ সহকারী, রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক) এবং জিয়াউর রহমান সব সময় আইন মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি পরামর্শ করতেন। তখন বিচারপতি সায়েম আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, পরে বিচারপতি সাত্তার ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন।নুরুল ইসলাম আরও বলেন, ‘দেশের বাইরে থাকায় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলি সম্পর্কে আমার কোনো ধারণা বা জ্ঞান ছিল না। তখন বার্মার সঙ্গে বাংলাদেশের কোনো টেলিফোন যোগাযোগ ছিল না। স্থানীয় গণমাধ্যম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্যাগ ছিল তথ্য প্রাপ্তির উৎস।’ নুরুল ইসলাম আরও বলেন, মেজর জেনারেল থাকা অবস্থায় ১৯৭৯ সালে সেনাবাহিনী থেকে তিনি অবসর নেন। ১৯৯১ সালের আগস্ট থেকে তিনি একজন বৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ৯ ফেব্রুয়ারি তিনি একটি নোটিশ পেয়েছেন যাতে বলা রয়েছে, ১৩ ফেব্রুয়ারি হাইকোর্টের ওই বেঞ্চে তাঁকে হাজির হতে হবে। কিন্তু কার্ডিয়াক সার্জারির ফলে শারীরিক অসুস্থতা এবং ধারাবাহিক চিকিৎসার কারণে তাঁর পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয়। লিখিত বক্তব্যে বলা হয়, তিনি ১৯৭৩ সালের ডিসেম্বর থেকে ইয়াঙ্গুনে (বার্মা) সামরিক অ্যাটাশে হিসেবে কর্মরত ছিলেন। ১৯৭৫ সালের নভেম্বরে দেশে ডেকে পাঠানোর আগপর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন না। ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি তাঁকে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন থেকে প্রধান সামরিক আইন প্রশাসকের প্রিন্সিপাল স্টাফ অফিসারের অতিরিক্ত দায়িত্ব পালনের ভারও তাঁকে দেওয়া হয়। বিচারপতি সায়েম তখন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পালন করেন। যতটুকু মনে পড়ে, বিচারপতি সায়েমের উভয় পদ গ্রহণ ও দায়িত্ব পালনকালে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।