তড়িঘড়ি করে সংবিধান সংশোধন ধোঁকাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তড়িঘড়ি সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাসের উদ্যোগকে জনগণের সঙ্গে প্রতারণা ও ধোঁকাবাজি বলে উল্লেখ করেছেন বিএনপি নেতারা। তাঁরা মনে করেন, যে বিষয়টির সঙ্গে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ জড়িত, তা নিয়ে সরকারের এমন আচরণ কাম্য নয়।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হবে বলে জানা গেছে। বিএনপির নেতারা বলেছেন, তাঁদের সঙ্গে আলোচনার নামে সরকার যা করেছে, তা নাটক ছাড়া আর কিছুই নয়। সংশোধনী পাসের মাধ্যমে তারা এই নাটকের যবনিকা টানছে। সংবিধান সংশোধন নিয়ে আজ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান তুলে ধরবেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও অবস্থান জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করেছে। তারা প্রতারণার আশ্রয় নিয়ে এই সংশোধনীর মাধ্যমে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি ভালো হবে না। তিনি বলেন, ব্রুট মেজরিটি নিয়ে ক্ষমতায় এলেই যা ইচ্ছা তা করা যায় না। শেখ মুজিবও এই ভুল করেছিলেন। ক্ষমতায় টিকে থাকার মোহে বাকশাল গঠন করেছিলেন। শেখ হাসিনাও সেই পথে হাঁটছেন।এম কে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রী বলছেন, প্রয়োজনে আবার সংবিধান সংশোধন করা হবে। বিএনপির সঙ্গে যদি আলোচনার এত আগ্রহ থাকত, তাহলে এত তাড়াহুড়ো করার কী দরকার ছিল। সরকার তো চাইলেই অপেক্ষা করতে পারত। তিনি বলেন, সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করেছে। আদালতের রায় মানেনি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেছে। কিন্তু তাদের কোনো প্রস্তাবই সরকার গ্রহণ করেনি। এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী বলছেন তাঁরা ১১ মাস সংবিধান সংশোধন নিয়ে কাজ করেছেন। কিন্তু এটা শুধু লোক দেখানো। বিশেষ কমিটি তাই করেছে, যা প্রধানমন্ত্রী চেয়েছেন। প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কথা যখন বলেছেন, তারপর খুব একটা সময় লাগেনি সংবিধান সংশোধন প্রক্রিয়া শেষ করতে। শেষ মুহূর্তে যে কাজগুলো করা হয়েছে, তা এত গতিশীল ছিল, যা সবচেয়ে দ্রুতগতির প্লেনের গতিকেও হার মানায়। জাতির ভাগ্য নিয়ে, গণতন্ত্রের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য তাদের মাশুল দিতে হবে।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সংশোধনী পাস নিয়ে এত তাড়াহুড়োর দরকার ছিল না। কেননা, এটা এখনই সংশোধন না হলে জাতির কোনো ক্ষতি হচ্ছে না। রাষ্ট্রের কাজও আটকে থাকছে না। অথচ অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হওয়া উচিত ছিল। কিন্তু সেগুলোর প্রতি সরকারের কোনো নজর নেই। তিনি বলেন, সংবিধান সংশোধন হয়ে গেলে আলোচনার আর কোনো পথ খোলা থাকবে না। এখন আন্দোলন ছাড়া আর কোনো গতি নেই।