আগামী নির্বাচনে আসন ভাগাভাগিসহ রাজনৈতিক হিসাব-নিকাশের প্যাঁচে পড়ে বিএনপির ‘বৃহত্তর রাজনৈতিক ঐক্য’ গঠনের প্রক্রিয়া থমকে গেছে।ঐক্য গঠনের জন্য বিএনপি যোগাযোগ করছে এমন দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা লাভ-লোকসানের হিসাব করছেন। কেবল আন্দোলনের জন্য বিরোধী দল বিএনপির নেতৃত্বে মাঠে থাকতে চান না তাঁরা। আগামী নির্বাচনে আসন ভাগাভাগি এবং নির্বাচনের পরের প্রাপ্তি নিয়েও হিসাব-নিকাশ এখনই শেষ করতে চায় এসব দল। আবার কোনো কোনো দল ঐক্যের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আগে নিশ্চিত হতে চায়, বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে কি না। এ জন্য তারা সময়ক্ষেপণের কৌশল নিয়েছে।তবে বিএনপির নেতারা মনে করেন, আলাপ-আলোচনার মাধ্যমে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে।গত এক মাসের দফায় দফায় বৈঠক ও আলোচনায় এখন পর্যন্ত বিএনপির সফলতা বলতে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও মেজর জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ কল্যাণ পার্টিকে কর্মসূচিভিত্তিক ঐক্যে শামিল করা।দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ঐক্য গঠনের আমন্ত্রণে অনেকটা নিঃশর্ত সাড়া দিয়েছে এলডিপি। তবে দলটির পক্ষ থেকে বিএনপির নেতৃত্বাধীন এই ঐক্যে তাদের অবস্থান কী হবে, তা জানতে চাওয়া হয়েছে।দলটির মহাসচিব জাহানারা বেগম প্রথম আলোকে জানান, এলডিপি বিএনপির সঙ্গে থাকবে। এ জন্য কিছু বিষয় পরিষ্কার করে নেওয়া হচ্ছে।আর বিকল্পধারা বাংলাদেশের সঙ্গে ঐক্যের প্রশ্নে খুব একটা অগ্রগতি নেই। দলটি এ ব্যাপারে ধীরে চলো নীতি গ্রহণ করেছে। দলটি মনে করে, আগামী নির্বাচনের এখনো আড়াই বছর বাকি। চলমান পরিস্থিতিতে সামগ্রিক রাজনৈতিক অবস্থা শেষ পর্যন্ত কী দাঁড়াবে, তার আগাম চিত্রও ধোঁয়াশাচ্ছন্ন।বিকল্পধারার সভাপতি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গত শনিবার প্রথম আলোকে জানান, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। অনেক হিসাব-নিকাশ আছে। কোন জোটে যাবেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার দরজা সবার জন্যই খোলা।’অবশ্য বিএনপির নেতাদের দাবি, বিকল্পধারার সঙ্গে দূরত্ব অনেক কমেছে, এটাও একটা অগ্রগতি। প্রায় নয় বছর পর ৪ আগস্ট ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে বদরুদ্দোজা চৌধুরীর।কৃষক শ্রমিক জনতা লীগ ইতিমধ্যে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করেছে। দলটির সভাপতি কাদের সিদ্দিকী ৭ আগস্ট প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টা আলোচনা হয়েছে। আমি শেখ হাসিনার সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি। তাঁর সঙ্গে আলোচনার আগে কোনো জোটে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেব না।’জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে দল এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।এ ছাড়া গণফোরামের সঙ্গেও যোগাযোগ করছে বিএনপি। তাতে এখন পর্যন্ত অগ্রগতি নেই। আর মহাজোটের শরিক এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ও বামপন্থী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনো সাড়াই পায়নি বিএনপি।অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে জানান, ঐক্য গঠন চলমান প্রক্রিয়া। যেসব দলের সঙ্গে বিএনপির আলোচনা হয়েছে, সেই দলগুলো নিজ নিজ ফোরামে এ নিয়ে কথা বলছে। দলগুলোর অনেক হিসাব-নিকাশও আছে। তাঁর মতে, হঠাৎ করে দুটি বড় রাজনৈতিক বলয়ের একটিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিলম্ব হতেই পারে। তা ছাড়া বিএনপিও ঐক্য গঠন নিয়ে তাড়াহুড়া বা দলগুলোকে চাপে ফেলতে চায় না।গত মাসের শুরুতে বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গঠনের ঘোষণা দেয়। দলটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে বিভিন্ন দল নিয়ে ঐক্য গঠনের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই মধ্যে বিএনপি ১০টি দলের সঙ্গে নানাভাবে যোগাযোগ ও আলোচনা করেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে জানান, বিএনপির নেতৃত্বে একটি বৃহৎ ঐক্য গঠন করা হবে। এরই মধ্যে অন্য দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব কমেছে। সবচেয়ে বড় কথা, ওই দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে।দলীয় একটি সূত্র জানায়, বিএনপির সঙ্গে যোগ দেওয়ার ক্ষেত্রে কৃষক শ্রমিক জনতা লীগ ও জেএসডির সমস্যা জামায়াতে ইসলামী। এই দুটি দলের দুই প্রধান ব্যক্তি মুক্তিযোদ্ধা। তাই জামায়াতের সঙ্গে একই জোটে যেতে তাঁদের মধ্যে অস্বস্তি রয়েছে। ৪ আগস্ট খালেদা জিয়ার ইফতারে অংশ নিয়েছিলেন কাদের সিদ্দিকী ও আ স ম রব। কিন্তু মঞ্চে জামায়াতের নেতারা থাকায় তাঁরা খালেদার অনুরোধ সত্ত্বেও মঞ্চে ওঠেননি।এ ছাড়া বামপন্থী কেউ বিএনপির ঐক্যে সাড়া দেয়নি। জানতে চাইলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলোকে জানান, তাঁরা কোনো জোটেই যেতে চান না। বরং একটি বাম বিকল্প জোট গঠনের কথা ভাবছেন তাঁরা।