থমথমে খাগড়াছড়ি, গ্রেপ্তার আরও ৪
খাগড়াছড়ি আজ শুক্রবার সারা দিন ছিল থমথমে। শহরে অল্প কিছু যানবাহন চলাচল করেছে। বাঙালি ছাত্র পরিষদের পক্ষ থেকে যে লাগাতার অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল তা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে বলে আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে। এ পরিস্থিতিতে শহরে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী টহল দিচ্ছে। আজ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।খাগড়াছড়ি শহরের প্রধান সড়কগুলোতে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলোকে টহল দিতে দেখা যায়। অস্থিতিশীলতা ও সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির সন্দেহে আজ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মধ্যে বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন রয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মজিদ দাবি করেন। জানা গেছে, বাঙালি ছাত্র পরিষদের বেশির ভাগ নেতা-কর্মী এখন গা ঢাকা দিয়েছেন। টেলিফোনে যোগাযোগ করা হলে বাঙালি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, ‘আমরা প্রশাসনকে সহায়তা করার জন্য কর্মসূচি দিয়েছিলাম। এখন প্রশাসনই আমাদের হয়রানি করছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আমরা আগামী রোববার থেকে তিন জেলায় একত্রে কঠোর কর্মসূচিতে যাব। আগামী দুই দিন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব।’আদিবাসী-বাঙালিদের মধ্যে সংঘর্ষ শুরুর স্থান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন বাজারের পার্শ্ববর্তী স্থানে সরেজমিনে দেখা গেছে, সেখানে রাঙামাটি জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মধ্যে চাল, কাপড়সহ অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করছে।আজ আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছে। স্থানীয় প্রশাসন থেকে জানানো হয়েছে, পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এ জন্য ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। ধীরে ধীরে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে প্রশাসন আশা প্রকাশ করে।