থমথমে নাটোর, আজ হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির নেতা সানাউল্লাহ নূরের হত্যা-কাণ্ডের পর সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল শনিবার বনপাড়া পৌরসভা শহরের সব দোকানপাট বন্ধ ছিল। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রোববার নাটোরে পূর্ণদিবস হরতাল ডেকেছে বিএনপি। হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা গতকাল বিকেলে নাটোর শহরে মিছিল বের করেন।শুক্রবার দুপুরে এ হত্যাকাণ্ডের পর গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর বাদী হয়ে বড়াইগ্রাম থানায় হত্যা মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, মামলায় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেনসহ ২৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। আসামিরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।ঘটনার পরপর আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও গতকালের পরিস্থিতি ছিল ভিন্ন। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের লাঠিহাতে ঘটনাস্থলে উপস্থিতি এবং মারধরে অংশ নেওয়ার ছবি বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকায় প্রকাশিত হওয়ায় তাঁদের জড়িত থাকার বিষয়টি আলোচনার সামনে চলে এসেছে। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন প্রকারান্তরে স্বীকার করেছেন, এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘যেকোনো হত্যাকাণ্ডই দুঃখজনক। ঠিক একইভাবে সানাউল্লাহ নূরের মৃত্যুতেও আমি দুঃখ পেয়েছি। আমি ভাবতেও পারিনি, সে মারা যাবে।’ ঘটনাস্থলে লাঠিহাতে উপস্থিতি প্রসঙ্গে জাকির বলেন, ‘হ্যাঁ, আমি ঘটনাস্থলে ছিলাম। কিন্তু সেখানে আমি সানাউল্লাহ নূরকে বাঁচাতে গিয়েছিলাম। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের তাড়ানোর জন্য লাঠিহাতে নিয়েছিলাম।’ দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন কি না—জানতে চাইলে জাকির বলেন, ‘নিয়ন্ত্রণ করতে পারিনি। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে।’বিএনপির প্রতিবাদ সমাবেশ: গতকাল দুপুর ১২টার দিকে বড়াইগ্রাম স্কুল মাঠে সানাউল্লাহর জানাজা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারাসহ হাজার হাজার মানুষ অংশ নেন। জানাজার আগে ওই মাঠে আয়োজিত এক সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গামা হত্যা মামলার ফাঁসির আসামিদের খালাস দেওয়ার মাধ্যমে খুনিদের উৎসাহিত করেছে। তাই হাইকমান্ডের নির্দেশে প্রকাশ্যে তারা বিএনপির নেতা-কর্মীদের খুন করছে আর পুলিশ নীরব ভূমিকা পালন করছে। এ অবস্থায় কঠোর কর্মসূচি না দিয়ে উপায় নেই।সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, সরকার রোববারের মধ্যে খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্র উচ্চারণ করা মানায় না। শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে সানাউল্লাহ নূরকে হত্যা করেছে। সাংবাদিকদেরও মারধর করে হাত-পা ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়েছে।জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘ফাঁসি থেকে রক্ষা পেয়ে আওয়ামী লীগের নেতারা আমাদের নির্মূল করার স্বপ্ন দেখছে। উপজেলা চেয়ারম্যান হওয়ার সুযোগ খুঁজছে। কিন্তু তাঁদের তা করতে দেওয়া হবে না।’জানাজা শেষে সানাউল্লাহ নূরকে বড়াইগ্রামের সরদারপাড়া কবরস্থানে দাফন করা হয়। এর আগে নিহতের স্ত্রী মহুয়া নূর, মেয়ে সাদিয়া নূর, সানজিদা নূর ও সুরাইয়া নূরের কান্নায় উপস্থিত জনতা আবেগাপ্লুত হয়ে পড়ে। জানাজা শেষে জেলা বিএনপির নেতারা নাটোর শহরে বিক্ষোভ করেন। মিছিলটি কানাইখালি পুরোনো বাসস্ট্যান্ড থেকে শহরের আলাইপুরের জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের সমন্বয়হীনতা: স্থানীয় লোকজন, রাজনৈতিক নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিএনপির কর্মসূচির সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কোনো সমন্বয় ছিল না। এ সুযোগে বড়াইগ্রামের বনপাড়ায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বিএনপির মিছিলে হামলা চালিয়ে সানাউল্লাহকে হত্যা করে।বনপাড়া বাজারের স্থানীয় দোকানদার ও পথচারীরা জানান, বিএনপির নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বর থেকে সানাউল্লাহর নেতৃত্বে মিছিল নিয়ে বেলা সোয়া ১১টার দিকে পাবনা-নাটোর সড়ক হয়ে বনপাড়া বাজারে আসেন। মিছিলটি পাটোয়ারী হাসপাতালের সামনে পৌঁছালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা, রড ও চায়নিজ কুড়াল নিয়ে হামলা চালায়। শত শত দোকানি ও পথচারীর সামনে সানাউল্লাহর দুই পায়ের রগ কেটে দেয় এবং মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে তারা। সানাউল্লাহ হামলাকারীদের কাছে জীবন ভিক্ষা চান। তিনি ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করেন। কিন্তু হামলাকারীরা তাঁকে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের পাশ দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। কিন্তু পুলিশের কেউ তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেনি।এ ব্যাপারে বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, ‘বিএনপি তাদের কর্মসূচি সম্পর্কে আমাকে কিছুই জানায়নি। লোকমুখে ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। ততক্ষণে সব শেষ হয়ে গেছে।’ ঘটনার সময় পুলিশ পিকআপের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পিকআপটি হাইওয়ে পুলিশের ছিল। সমন্বয়হীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’ বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম ও বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনও ঘটনার সময় পুলিশের উপস্থিতি সম্পর্কে একই ধরনের বক্তব্য দেন। সংবাদপত্রে প্রকাশিত ছবি ও বিভিন্ন টেলিভিশনের ভিডিওচিত্রে যাঁদের ঘটনার সময় দেখা গেছে, তাঁদের ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ নিয়েছে—জানতে চাইলে ওসি বলেন, নিহত সানাউল্লাহর স্ত্রী মহুয়া নূর মামলা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সামসুল আলম বলেন, ‘ওই সময় আমরা বাইরে থেকে উপজেলা পরিষদ চত্বরের অফিসে যাচ্ছিলাম। আমরা বুঝে উঠতে পারিনি, ঘটনা এত দূর গড়াবে। পরে ঘটনা শুনেছি।’পুলিশকে কর্মসূচি সম্পর্কে জানানো হয়েছিল কি না—জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বলেন, ‘সব দায়িত্ব ছিল সানাউল্লাহর ওপর। তিনি কী করেছিলেন, তা জানা যায়নি।’আহত সাংবাদিকের অবস্থার অবনতি: শুক্রবারের ঘটনায় আহত দৈনিক ডেসটিনির নাটোর প্রতিনিধি তোফাজ্জল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নাটোর সদর হাসপাতালের অর্থোপেডিক্স সার্জন শাহজাহান আলী বলেন, তোফাজ্জলকে পরীক্ষা করে দেখা গেছে, তাঁর ডান পা প্যারালাইজড (অবশ) হয়ে গেছে। হয়তো তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সাংবাদিকদের মানববন্ধন: শুক্রবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় নাটোরে কর্মরত সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নাটোরের সাংবাদিক সমাজের ব্যানারে সাংবাদিকেরা গতকাল বিকেলে শহরের কানাইখালীতে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রেসক্লাবের সভাপতি মাহফুজ আলম আহত সাংবাদিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।পাবনায় বিক্ষোভ: পাবনা অফিস জানায়, সানাউল্লাহকে হত্যার প্রতিবাদে পাবনা জেলা ছাত্রদল গতকাল পাবনা শহরে মিছিল ও পথসভা করেছে। সভায় বক্তারা এ হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তাঁরা কাল সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সফরের সময় তাঁর নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি করেন।