থলের বিড়াল বেরিয়ে যাওয়ার ভয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘থলের বিড়াল বেরিয়ে যাবে’—এই ভয়ে পদ্মা সেতুর দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এম কে আনোয়ার এই অভিযোগ করেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার আত্মীয়স্বজন কেউ দুর্নীতির সঙ্গে জড়িত না থাকলে কেন ব্যবস্থা নিচ্ছেন না? ব্যবস্থা নিলে থলের বিড়াল বেরিয়ে যাবে?’ তিনি জনগণকে নিজের টেলিফোন নম্বর না দিয়ে প্রধানমন্ত্রীর নিজের ও তাঁর পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দেওয়ার আহ্বান জানান। দল ক্ষমতায় গেলে এসব বিষয়ে তদন্ত হবে এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন বিএনপির প্রবীণ এই নেতা।পদ্মা সেতু নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের বক্তব্যের সমালোচানা করে এম কে আনোয়ার বলেন, ‘অসংলগ্ন, অর্বাচীন কথা না বলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির নেতা মিজানুর রহমান, খায়রুল কবীর, রুহুল কুদ্দুস তালুকদার, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।বিএনপির কয়েকজন কারামুক্ত নেতার সংবর্ধনা উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন অনুষ্ঠানের আয়োজন করে।