থাই কর্মকর্তারা বিক্ষোভকারীদের নতুন দাবি-দাওয়া খতিয়ে দেখছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা আজ শনিবার ‘লাল শার্ট’ বিক্ষোভকারীদের এক শান্তি প্রস্তাবের শর্তাবলি নিয়ে আলোচনায় ব্যস্ত। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার লাল শার্ট পরা সমর্থকেরা গতকাল শুক্রবার জানায়, সরকার যদি পার্লামেন্ট ভেঙে দিয়ে ৩০ দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা দেয়, তবে তারা ব্যাংককের অভিজাত বাণিজ্যিক এলাকার ওপর তাদের তিন সপ্তাহব্যাপী দখল ছেড়ে দেবে। এর আগে লাল শার্ট পরা বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিল।বার্তা সংস্থা রয়টার্স জানায়, সেনাবাহিনী সমর্থিত প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভার সরকার নির্বাচনের এ সময়সূচি মেনে নেবে কি না তা বোঝা যাচ্ছে না। কিন্তু বিশ্লেষকদের মতে, কয়েক সপ্তাহব্যাপী অস্থিতিশীলতার ফলে যেহেতু বিক্ষোভকারীরা স্পষ্টতই অধিকতর সুবিধাজনক অবস্থানে আছে, তাই প্রধানমন্ত্রী অভিজিতের সামনে এখন খুব বেশি রাস্তাও খোলা নেই।এ ছাড়া বিক্ষোভকারীরা ১০ এপ্রিলের সহিংসতা সম্পর্কে তদন্ত করারও দাবি জানিয়েছে। লাল শার্ট-ধারীরা গত ছয় সপ্তাহ যাবত্ ব্যাংককের বিভিন্ন অঞ্চল দখল করে আছে। গত বৃহস্পতিবার তাদের ব্যারিকেডের কাছে গ্রেনেড হামলায় একজন নিহত ও ৮০ জনেরও বেশি বিক্ষোভকারী আহত হয়।