থাই খাবারের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নার ভিন্ন রকম তয়তরিকা আর খাবারের অন্য রকম স্বাদের কারণে থাই খাবারের কদর রয়েছে বিশ্বজোড়া। ঐতিহ্যবাহী থাই খাবারের এই সুনাম কিন্তু এক দিন, দুই দিনের নয়, বহুদিনের। শ্বেতহস্তীর দেশের সেই ভিন্ন রকম খাবার একবার যাঁরা চেখে দেখেছেন, তাঁরা সহজে সে স্বাদ ভুলতে পারেননি। সে জন্যই থাই খাবারের এই সুনামকে পুঁজি করে বুজরুকিও কম হয় না। এই শহরে খুঁজলে থাই খাবারের দোকান পাওয়া যাবে অনেক, কিন্তু তার কয়টায় যে আসল থাই খাবার পাওয়া যাবে, তাতে সন্দেহ আছে। তাই যাঁরা দেশেই সত্যিকারের থাই খাবারের স্বাদ পেতে মুখিয়ে আছেন, তাঁদের জন্য সুখবর—রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে থাই খাবারের উৎসব। আর ৫ মে শুরু হওয়া এ উৎসব চলবে ১১ মে পর্যন্ত।জানা গেছে, ভোজনরসিকদের সত্যিকারের থাই খাবারের স্বাদ দিতে এখানকার বেশির ভাগ মসলা আর উপকরণই আনা হয়েছে থাইল্যান্ড থেকে। আর রান্না করছেন উৎসবে আসা প্যান প্যাসিফিক ব্যাংককের শেফ ওয়ান পা ম্যাম। নিজ দেশের খাবার নিয়ে তিনি বলেন, ‘থাই খাবারের কিছু নিজস্বতা আছে। থাইল্যান্ডের মসলা, রান্নার ধরন-ধারণ অন্য রকম। তাই স্বাদটাও অন্যান্য দেশের খাবার থেকে ভিন্ন। বিশেষ করে স্যুপ, ফ্রায়েড রাইস, কারি আর সালাদের প্রচুর পদ রয়েছে। ডেজার্টেও ভিন্ন রকম খাবার থাকে। আর থাই খাবার সাজানোর যে শৈলী, সেটা আর কোনো দেশের খাবারে পাবেন না।’কথাটা যে কতটা সত্যি, সেটা বোঝা গেল খানিকটা ঘুরতেই। খাবারের স্বাদ সে টক-ঝাল-মিষ্টি যা-ই হোক না কেন, সাজানো হয়েছে এত সুন্দর করে যে দেখতেই ভালো লাগে। আর কত যে রং! কিছুক্ষণ চেয়ে থাকলেই লোভ জাগে খেতে!সব মিলিয়ে এক শর কাছাকাছি পদ রয়েছে এ উৎসবে। ফ্রায়েড রাইস, ডিপ ফ্রাইড চিকেন, স্টিফ ফ্রাইড নুডলস, টম ইয়াম গুম স্যুপ আর হরেক রকম জিভে জল ঝরানো খাবার রয়েছে এখানে। ডেজার্টের টেবিলেও রয়েছে প্রচুর আয়োজন। আর তার সঙ্গে থাকছে থাইল্যান্ডের ফলফলাদি। চাইলে এগুলোও মনভরে চেখে দেখতে পারেন উৎসবে। থাই উৎসবে বুফে পদ্ধতিতে খাওয়ানো হচ্ছে বলে খাওয়া যাবে ইচ্ছেমতো। তবে সত্যিকারের থাই খাবারের স্বাদ পেতে পকেটের রেস্তর জোরও থাকতে হবে। বুফেতে খাওয়ার জন্য জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা ধরা হয়েছে।