থাই রাজাকে অবমাননা করায় মার্কিন নাগরিকের কারাদণ্ড(ভিডিওসহ)
থাইল্যান্ডের রাজতন্ত্র ও রাজাকে নিয়ে ব্লগে অবমাননাকর লেখা প্রকাশ করায় এক মার্কিন নাগরিককে আজ বৃহস্পতিবার প্রায় আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন একটি থাই আদালত। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।থাই বংশোদ্ভূত ৫৫ বছর বয়সী মার্কিন নাগরিক জো গর্ডন যুক্তরাষ্ট্রে বসে তাঁর ব্লগে থাই রাজার বিরুদ্ধে অবমাননাকর উপকরণ প্রকাশ করেছেন, এ অভিযোগে গত মে মাসে থাইল্যান্ড ভ্রমণের সময় দেশটির সরকার তাঁকে গ্রেপ্তার করে।
রায়ের পর ব্যাংককের অপরাধ আদালতটির বিচারক বলেন, ‘বিবাদী দোষী প্রমাণিত হয়েছেন। আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। কিন্তু তিনি দোষ স্বীকার করায় আদালত তাঁর দণ্ড কমিয়ে দুই বছর ছয় মাস করেছেন।’জো গর্ডনের আইনজীবী জানিয়েছেন, তিনি এ রায়ের বিরুদ্ধে কোনো আপিল করবেন না। তবে এক মাস পর রাজার কাছে দণ্ড মওকুফের জন্য আবেদন করবেন।এদিকে ব্যাংককের মার্কিন দূতাবাসের কনস্যুল জেনারেল এলিজাবেথ প্র্যাট এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, জো গর্ডনের দণ্ডের বিষয়ে মার্কিন দূতাবাস অবগত আছে। দূতাবাস তাঁকে সহায়তা দেবে। থাইল্যান্ডে রাজতন্ত্রকে টিকিয়ে রাখতে কঠোর আইন বলবত্ রয়েছে। সাম্প্রতিক সময়ে এ আইনে অনেকেই দণ্ড পেয়েছে।