থাই সেনাপ্রধানকে ব্যাপকতর ক্ষমতা দিলেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিত্ ভেজ্জাজিভা গতকাল শুক্রবার সেনাপ্রধান জেনারেল অনুপং পাওচিন্দাকে জাতীয় নিরাপত্তাপ্রধান হিসেবে নিযুক্ত করেছেন; যাতে অভিজিতের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসা সরকারবিরোধী বিক্ষোভকারীদের দমনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যায়। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, গত শনিবারের সংঘর্ষে ২৪ জন নিহত হওয়ার পরের ছয় দিনেও বিক্ষোভ দমনের সব প্রচেষ্টার ব্যর্থতা স্বীকার করে অভিজিত্ বলেন, সেনাপ্রধান অনুপং উপপ্রধানমন্ত্রী সুদেপ থাউগসুবানের স্থলাভিষিক্ত হবেন। গতকাল এক টেলিভিশন ভাষণে অভিজিত্ বলেন, ‘ভাই ও বোনেরা, আমি জোর দিয়ে বলতে চাই যে সরকার উদ্ভূত যে সমস্যা থাইল্যান্ডের জনগণের জন্য দুঃখ বয়ে আনছে তার সমাধান করতে এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘বেশ কিছু অভিযান ব্যর্থ হয়েছে, কেননা সেখানে অনেক লোকের সমাবেশ ছিল; যা নিরাপত্তাকর্মীদের কাজে প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সৃষ্টি করেছে।... কোনো কোনো সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হয়েছে, আবার কখনো কখনো নিরাপত্তা অভিযানের ফলাফল মেনে নিতে হয়েছে।’উপপ্রধানমন্ত্রী সুদেপের আদেশে গতকাল শুক্রবার ‘লাল শার্ট’ পরা বিক্ষোভকারীদের নেতাদের গ্রেপ্তারের একটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর জাতীয় নিরাপত্তাপ্রধানের পদে এই পরিবর্তন আনা হয়। তবে মনে হচ্ছে, এটা করার উদ্দেশ্য সুদেপকে সরিয়ে দেওয়া নয়, বরং সেনাবাহিনীকে সম্পৃক্ত করা।ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সোমবাত থামরংথানিয়াং বলেন, ‘মূল কথা হচ্ছে, সরকার চাচ্ছে এটিকে একটি বিশুদ্ধ রাজনৈতিক সমস্যার বদলে একটি নিরাপত্তা সমস্যা হিসেবে দেখিয়ে ক্ষমতায় বহাল থাকা।’ তিনি আরও বলেন, ‘আর তিনি (অভিজিত্) বুঝাতে চাচ্ছেন, এটা যেমন সরকারের সমস্যা তেমনি সেনাবাহিনীর সমস্যাও বটে।’লাল শার্ট পরা বিক্ষোভকারীরা ব্যাংককের কেন্দ্রস্থলে একটি বাণিজ্যিক এলাকায় অবস্থান করছে, যেটিকে তারা তাদের প্রধান ঘাঁটি হিসেবে গত এক মাস ধরে ব্যবহার করে আসছে।প্রধানমন্ত্রী অভিজিত্ গত সোমবার থেকে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন।