থাইল্যান্ডে ইংলাক সিনাওয়াত্রার সামনে অনেক চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইংলাক সিনাওয়াত্রা। গতকাল রোববার দেশটির ২৬তম সাধারণ নির্বাচনে তাঁর পুয়ে থাই পার্টি বিশাল ব্যবধানে জিতেছে। ইংলাক থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ছোট বোন।বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ২০০৬ সালে থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে। তাই এখন ইংলাক সিনাওয়াত্রার সামনেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। তিনি বড় ভাইয়ের পথে চলবেন, নাকি নিজের মত স্বাধীনভাবে চলবেন তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।ইংলাকের জন্ম ১৯৬৭ সালের ২১ জুন থাইল্যান্ডের সান কামপায়েং। তিনি বর্তমানে ব্যাংকক ভিত্তিক প্রপার্টি ডেভেলপার এসসি অ্যাসেট লিমিটেডের সভাপতি।নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিওয়া ভোটারদের সতর্ক করে বলেছিলেন, ইংলাককে ভোট দেওয়া মানে থাকসিনকে ভোট দেওয়া। এর মানে নির্বাসিত ওই নেতাকে ক্ষমা করা এবং তাঁর দেশে ফিরে আসার পথ সুগম হওয়া।ইংলাকের এখন প্রমাণ করার সময় যে যারা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল তাদের যথার্থ উত্তর দেওয়া এবং তিনি যে থাকসিনের প্রতিনিধিত্বকারীর চেয়েও বেশি কিছু তার প্রমাণ রাখা। যদিও তিনি নির্বাচনী প্রচারণায় তাঁর পারিবারিক পরিচিতি ব্যবহার এবং থাকসিনের জনপ্রিয় নীতি আবার চালুর অঙ্গীকার করেছিলেন।সমালোচকেরা বলছেন, এর ফলে তাঁর ভাই থাকসিনই যেন আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন।ইংলাক ও থাকসিন দুজনেই বিষয়টি অস্বীকার করেন। তবে থাকসিন থাইল্যান্ডে ফিরবেন, এটা এখন আর কোনো গোপনীয় ঘটনা নয়।দেশটির সেনাপ্রধান প্রায়ুথ চ্যান-ওকা বলেন, থাইল্যান্ডে আর কোনো সামরিক অভ্যুত্থান হবে না। সেনাবাহিনী জনগণকে সম্মান করে এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ায় তাঁরা হস্তক্ষেপ করবে না। সমস্যা হচ্ছে সেনাবাহিনী এ ধরনের কথা আগেও বলেছে, কিন্তু কথা রাখেনি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নির্বাচনে পরাজয়ের পর আজ সোমবার আপিসিত ভেজ্জাজিওয়া তাঁর দল ডেমোক্র্যাট পার্টির প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছেন।